দেশ

Uttar Pradesh AI City: যোগী আদিত্যনাথের মেগা প্ল্যান! লখনউতে তৈরি হচ্ছে দেশের প্রথম অত্যাধুনিক ‘এআই সিটি’

এই উচ্চাভিলাষী প্রকল্পটি উত্তরপ্রদেশের প্রযুক্তিনির্ভর উন্নয়নের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করা হচ্ছে।

Truth of Bengal: উত্তরপ্রদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে এক বিশাল পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনউতে গড়ে উঠতে চলেছে দেশের অন্যতম অত্যাধুনিক ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা এআই সিটি। এই উচ্চাভিলাষী প্রকল্পটি উত্তরপ্রদেশের প্রযুক্তিনির্ভর উন্নয়নের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি (PPP) মডেলে এই বিশেষ শহরটি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রকল্পের নকশা অনুযায়ী, এই এআই সিটির মোট এলাকার ৬০ শতাংশ সংরক্ষিত থাকবে ‘কোর জোন’ হিসেবে। এই অংশে এআই ইনোভেশন সেন্টার, অত্যাধুনিক প্রযুক্তি পার্ক এবং উচ্চমানের গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে। বাকি ৪০ শতাংশ এলাকায় আবাসন, বাণিজ্যিক কেন্দ্র এবং উন্নত সামাজিক পরিকাঠামো তৈরি করা হবে, যাতে কর্মীরা একই চত্বরে বসবাস ও কাজ করার সুযোগ পান। এখানে বিশ্বমানের ডেটা সেন্টার ও হাই-পারফরম্যান্স কম্পিউটিং পরিকাঠামো থাকবে, যা বড় বড় প্রযুক্তি সংস্থার কাজকে আরও সহজ করে তুলবে।

শিক্ষার সঙ্গে শিল্পের মেলবন্ধন ঘটাতে এই প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। লখনউয়ের আইআইএম (IIM) এবং আইআইআইটি (IIIT)-র মতো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই এআই সিটির সহযোগী হিসেবে কাজ করবে। এর ফলে একদিকে যেমন এক দক্ষ কর্মী বাহিনী তৈরি হবে, অন্যদিকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়ারদের আর কাজের সন্ধানে অন্য রাজ্যে পাড়ি দিতে হবে না। কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রকল্পের মাধ্যমে।

Related Articles