তৃণমূলের প্রতীক নিয়ে চূড়ান্ত লড়াই! মমতাকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিল কমিশন
কমিশন জানিয়েছে, এই বিতর্কে মমতার আরও কোনও বক্তব্য বা নথি থাকলে তা ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে জমা দিতে হবে।
Truth of Bengal: তৃণমূলের জোড়াফুল প্রতীক এবং দলের নিয়ন্ত্রণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত শিবিরের টানাপোড়েন এখনও কাটেনি। শনিবার দিল্লিতে দুই পক্ষের প্রতিনিধিদের বক্তব্য শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
কমিশন জানিয়েছে, এই বিতর্কে মমতার আরও কোনও বক্তব্য বা নথি থাকলে তা ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে জমা দিতে হবে। একই নথির কপি ঋতব্রত শিবিরকেও পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টেয় নির্বাচন সদনে ফের শুনানি হতে পারে।
দুই পক্ষই ইতিমধ্যে কমিশনের কাছে একাধিক নথি জমা দিয়েছে। সেগুলি খতিয়ে দেখার পরেই দলের নিয়ন্ত্রণ ও প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এর মধ্যেই সামনে নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচন। ৬ অক্টোবর ভোট এবং ৯ অক্টোবর গণনা। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ফলে জোড়াফুল প্রতীকে কারা লড়বেন, সেই প্রশ্নের দ্রুত নিষ্পত্তি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কালীঘাট শিবিরের প্রতিনিধি কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, কমিশন এখনও কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। তাঁর দাবি, তাঁদের প্রার্থীরাই দলের প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়বেন।






