কলকাতা

‘মমতার ওপর কোনও হামলা হয়নি!’ প্রাক্তন মুখ্যমন্ত্রীর পূর্ব পরিচিতি তরুণীর বাবা, আর কী জানালেন পুলিশ কমিশনার

মতার উপর হামলার অভিযোগের সমর্থনে পুলিশের কাছে কোনও তথ্য নেই

Truth of Bengal: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কে নতুন মোড়। মঙ্গলবার তৃতীয়ার সন্ধ্যায় কালীঘাটে মমতার বাড়ির সামনে ঘটে যাওয়া ঘটনাকে হামলা বলে মানতে নারাজ কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। বুধবার তিনি স্পষ্ট জানিয়ে দেন, মমতার উপর হামলার অভিযোগের সমর্থনে পুলিশের কাছে কোনও তথ্য নেই। তাঁর দাবি, অভিযুক্ত তরুণী মমতার সঙ্গে দেখা করতে এসেছিলেন। যদিও ওই তরুণী সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন বলে স্বীকার করেছেন পুলিশ কমিশনার। তবে প্রায় এক বছর ধরে তিনি ডিউটিতে আসছিলেন না বলেও জানিয়েছেন তিনি। পুলিশের বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত অনুসূয়া সাহার বাবার সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আগে থেকেই পরিচয় ছিল। সেই সূত্রেই মমতার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তিনি সেখানে এসেছিলেন বলে দাবি কমিশনারের। তবে মঙ্গলবারের ঘটনাকে কেন্দ্র করে যে হামলার অভিযোগ উঠেছে, তা মানতে রাজি নয় কলকাতা পুলিশ।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। দিল্লির কর্মসূচি সেরে সোমবার কালীঘাটের বাড়িতে ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন তৃতীয়ার সন্ধ্যায় বাড়ির কাছেই কালীঘাট মিলন সংঘের দুর্গাপুজোর উদ্বোধন করতে বেরোন তিনি। সেই সময় নিজেকে মমতার ভাইঝি পরিচয় দিয়ে বাড়ির সামনে হাজির হন অনুসূয়া সাহা। অভিযোগ, মমতা বাড়ি থেকে বেরোতেই তাঁকে ‘পিসি’ বলে ডাকেন ওই তরুণী। এরপর তাঁর দিকে এগিয়ে যাওয়ার পাশাপাশি শাড়ি ধরে টানাটানি করারও অভিযোগ ওঠে। পরিস্থিতি বেগতিক বুঝে উপস্থিত লোকজন ওই তরুণীকে ধরে ফেলেন এবং মাটিতে ফেলে দেন বলে জানা গিয়েছে।

ঘটনাকে ঘিরে আরও চাঞ্চল্য ছড়ায় অভিযুক্তের কাছ থেকে ছুরি উদ্ধারের অভিযোগ সামনে আসায়। প্রাথমিকভাবে ওই তরুণী নেশাগ্রস্ত ছিলেন বলেও দাবি করা হয়েছিল। ঘটনার পর তাঁকে আটক করে পুলিশ। পরে তৃণমূল নেত্রী দোলা সেনের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অনুসূয়া সাহাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউ আলিপুরের বাসিন্দা অনুসূয়া পেশায় সিভিক ভলান্টিয়ার। ২০১১ সালে পশ্চিম বন্দর থানায় তাঁর কর্মজীবন শুরু হয়েছিল। তবে গত প্রায় এক বছর ধরে তিনি কাজে যোগ দিচ্ছিলেন না বলে জানিয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দা। এই তথ্য স্বীকার করলেও মঙ্গলবারের ঘটনাকে হামলা হিসেবে দেখার পক্ষে পুলিশের কাছে কোনও তথ্যপ্রমাণ নেই বলেই দাবি তাঁর।

Related Articles