রাজ্যের খবর

I-Pac অফিসে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশিতে বালুরঘাটে তৃণমূলের প্রতিবাদ মিছিল

দলীয় পতাকা, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ।

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: তৃণমূল কংগ্রেসের আইটি অফিসে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির প্রতিবাদে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল বালুরঘাট শহর। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত হয় এক বিশাল প্রতিবাদ মিছিল।

বিকেল চারটে নাগাদ বালুরঘাট হাই স্কুল ময়দান থেকে মিছিলটি শুরু হয়। শহরের একাধিক প্রধান সড়ক পরিক্রমা করে মিছিলটি।মিছিলে জেলা ও শহর নেতৃত্বের পাশাপাশি ছাত্র, যুব, মহিলা সংগঠন, INTTUC, শিক্ষক সংগঠন এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কর্মী-সমর্থকদের ভিড়ে মিছিলটি ক্রমশ বিশাল আকার নেয়। দলীয় পতাকা, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকী সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সুভাষ চাকী বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কেন্দ্রীয় এজেন্সিকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তারই প্রতিবাদে এই গণতান্ত্রিক আন্দোলন।তিনি আরও দাবি করেন, তৃণমূল কংগ্রেস কোনওভাবেই এই ধরনের চাপের কাছে মাথা নত করবে না। আয়োজকদের মতে,বৃহস্পতিবারের এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে দলের ঐক্য ও শক্তির বার্তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আগামী দিনেও গণতান্ত্রিক অধিকার রক্ষায় আন্দোলন জারি থাকবে বলেও জানান নেতৃত্ব।

Related Articles