রাজ্যের খবর

বাইকের দাপাদাপি রুখতে কড়া নির্দেশ! ডায়মন্ড হারবারে ভোটারদের সাহস জোগাতে ময়দানে কমিশন

অভিযোগ উঠেছে, ডায়মন্ড হারবারে কয়েকটি বাইক নিয়ে দুষ্কৃতীরা এলাকায় ঘুরে ভোটারদের ভয় দেখাচ্ছে।

Truth of Bengal: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকির অভিযোগ সামনে আসতেই তৎপর হয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, এলাকায় যেন কোনও ভোটার ভয়ের মধ্যে না থাকেন এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক ও পুলিশ প্রশাসনকে রবিবারের মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ উঠেছে, ডায়মন্ড হারবারে কয়েকটি বাইক নিয়ে দুষ্কৃতীরা এলাকায় ঘুরে ভোটারদের ভয় দেখাচ্ছে। ওই বাইক মিছিল থেকে হুমকিমূলক স্লোগান দেওয়া হয়েছে বলেও অভিযোগ—যার জেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই অভিযোগ কমিশনের কাছে পৌঁছনোর পরই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে, পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে যাওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রবালের। সেখানে তিনি প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের নিয়ে স্থানীয় পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি পূর্ব বর্ধমানের কাটোয়ায় গিয়ে একইভাবে বৈঠক ও পরিস্থিতি পর্যালোচনা করবেন। উল্লেখ্য, দ্বিতীয় দফার নির্বাচনে কাকদ্বীপ ও কাটোয়া—দুই কেন্দ্রেই ভোটগ্রহণ হবে।

এর আগে, ডায়মন্ড হারবারে আচরণবিধি লঙ্ঘন এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থতার অভিযোগে পাঁচ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। তাঁদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিকও রয়েছেন। কমিশনের নির্দেশে মুখ্যসচিব ওই আধিকারিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এই ঘটনার পর থেকেই এলাকায় নিরাপত্তা নিয়ে আরও কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Related Articles