রাজ্যের খবর

দুর্ঘটনা এড়াতে  কোন্নগরে রেলের অভিনব সচেতনতা অভিযান

রেল সূত্রে জানা গিয়েছে, পোস্টার, ব্যানার ও মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা প্রচার চললেও অনেক সময় তা কাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারে না।

Truth Of Bengal: রাকেশ চক্রবর্তী, হুগলি: হুগলির কোন্নগর রেলস্টেশনে দেখা মিলল এক ব্যতিক্রমী দৃশ্যের। গদা হাতে ‘যমরাজ’ এবং পাশে ‘চিত্রগুপ্ত’—দেবতার বেশে স্টেশন চত্বরে ঘুরে বেড়িয়ে সাধারণ মানুষকে সতর্ক করছেন তাঁরা। ভুল পথে পা বাড়ালেই জীবনের মাশুল চোকাতে হতে পারে—এমন বার্তাই তুলে ধরা হচ্ছে অভিনয়ের মাধ্যমে। আর সেই দৃশ্যের ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল  সামাজিক মাধ্যমে।পৌরাণিক কাহিনিতে স্বর্গলোকে যমরাজের উপস্থিতির কথা শোনা যায়। কিন্তু এবার স্বয়ং ‘যমরাজ’ যেন নেমে এলেন ধরাধামে—অবশ্যই সচেতনতার বার্তা দিতে। রেললাইন টপকে অবৈধ পারাপার কিংবা রেলগেট বন্ধ থাকা অবস্থায় ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ার প্রবণতা রুখতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে রেল।

রেল সূত্রে জানা গিয়েছে, পোস্টার, ব্যানার ও মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা প্রচার চললেও অনেক সময় তা কাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারে না। তাই সাধারণ মানুষের নজর কাড়তে এবং বার্তাকে আরও কার্যকর করতে এই অভিনয়ভিত্তিক প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে। ‘যমরাজ’-এর উপস্থিতি প্রতীকীভাবে বোঝাচ্ছে—একটু অসাবধানতাই ডেকে আনতে পারে মর্মান্তিক পরিণতি।এদিন দক্ষিণ-পূর্ব রেলের উদ্যোগে কোন্নগর স্টেশনে এই সচেতনতা অভিযান চালানো হয়। যেসব যাত্রী অবৈধভাবে রেললাইন পার হচ্ছিলেন বা রেলগেট অমান্য করছিলেন, তাঁদের সরাসরি সতর্ক করেন ‘যমরাজ’ ও ‘চিত্রগুপ্ত’।

অনেকেই এই উদ্যোগকে অভিনব ও কার্যকর বলে মনে করেছেন। একাংশ যাত্রীর মতে, এমন ভিন্নধর্মী প্রচার সাধারণ মানুষের মনে বেশি প্রভাব ফেলবে।রেলের দাবি, সড়ক ও রেল দুর্ঘটনা রুখতে মানুষের মানসিকতায় পরিবর্তন আনা জরুরি। সেই লক্ষ্যেই প্রতীকী উপস্থাপনার মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা। কোন্নগর স্টেশনে এই বিশেষ অভিযানে যাত্রীদের মধ্যে যথেষ্ট সাড়া পড়েছে বলেই জানানো হয়েছে।

Related Articles