রাজ্যের খবর

এআই দিয়ে মহিলাদের ছবি বিকৃতি, কোন্নগরে আটক যুবক

অভিযুক্ত প্রান্ত রায় নামে এক যুবককে প্রকাশ্যে জুতোপেটা করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় মহিলারা।

Truth Of Bengal: রাকেশ চক্রবর্তী, হুগলি: কোন্নগরের কানাইপুর বাসাই অটোস্ট্যান্ড এলাকায় এআই ব্যবহার করে মহিলাদের ছবি বিকৃতির অভিযোগে চাঞ্চল্য। অভিযুক্ত প্রান্ত রায় নামে এক যুবককে প্রকাশ্যে জুতোপেটা করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় মহিলারা।

প্রান্তের একটি মুদিখানা ও জেরক্সের দোকান রয়েছে ওই এলাকায়। অভিযোগ, দোকানে আসা মহিলা-গ্রাহকদের ছবি গোপনে রেখে দিত সে। পরে সেই ছবি এআই-এর মাধ্যমে বিকৃত করে আপত্তিকর ছবি বানাত। তার একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেই ছবি পোস্টও হত বলে জানা গিয়েছে।অভিযোগকারীরা জানান, বয়স নির্বিশেষে বাচ্চা থেকে বয়স্ক—অসংখ্য মহিলার ছবিই বিকৃত করেছে প্রান্ত।

তারই প্রাক্তন সহপাঠীরা সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি দেখে বিষয়টি জানতে পারেন। রবিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই একদল যুবতী প্রান্তকে ধরে জুতোপেটা করতে করতে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।এক যুবতী জানান, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এসে এলাকায় থাকতে শুরু করে প্রান্ত। তাদের বিরুদ্ধে অভিযোগ, পিছন দিক থেকে আমাদের এক বান্ধবীর ছবি তুলে ভিডিও বানিয়েছে সে। সাত-আটটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে বহু আপত্তিকর ছবি তৈরি করেছে। সেই ছবিগুলো কোথায় কী করেছে জানি না।

স্থানীয় পঞ্চায়েত সদস্য শম্পা চক্রবর্তী বলেন, অভিযুক্ত যুবকের বাংলাদেশের সঙ্গে যোগাযোগ থাকার খবর পাওয়া যাচ্ছে। বহু মেয়ের ছবি বিকৃত করেছে। পুলিশ কঠোর ব্যবস্থা নিক।ঘটনা জানাজানি হতেই অভিযুক্তের শাস্তির দাবিতে মহিলারা পুলিশ ফাঁড়িতে জড়ো হন। পুলিশ প্রান্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তার ল্যাপটপ ও ট্যাব থেকে বহু আধার কার্ডের ছবি উদ্ধার হয়েছে বলেও জানা গেছে।   শুরু হয়ে গিয়েছে তদন্ত। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Related Articles