রাজ্যের খবর

সকাল ৯টাতেও দেখা নেই সূর্যের! কুয়াশায় আচ্ছন্ন পুরুলিয়ার পথঘাট

সামনের মানুষ বা যানবাহন স্পষ্ট দেখা না যাওয়ায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়কে।

দক্ষিণবঙ্গের মালভূমি জেলা পুরুলিয়ায় জাঁকিয়ে পড়েছে শীত। তবে শনিবার সকালে শীতের কামড়ের চেয়েও কুয়াশার দাপট ছিল নজরকাড়া। শনিবার সকাল ন’টা পেরিয়ে গেলেও জেলার বিস্তীর্ণ এলাকা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকে। বেলার দিকেও সূর্যের মুখ না দেখায় কার্যত ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে চারপাশ।

ঘন কুয়াশার কারণে জেলাজুড়ে দৃশ্যমানতা আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সকালের আলোতেও গাড়িচালকদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সামনের মানুষ বা যানবাহন স্পষ্ট দেখা না যাওয়ায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়কে।

কুয়াশার প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতেও। জেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র চড়িদার বাজারে সকালের ভিড় ছিল তুলনামূলক কম। ব্যবসায়ীদের মতে, দৃশ্যমানতা কম থাকায় এবং প্রতিকূল আবহাওয়ার কারণে মানুষ বাড়ি থেকে বেরোতে অনীহা প্রকাশ করছেন।

সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন স্কুলগামী শিশু, প্রাতর্ভ্রমণকারী এবং কর্মস্থলের উদ্দেশ্যে বের হওয়া মানুষজন। কনকনে ঠান্ডা ও কুয়াশার কারণে বয়স্কদের শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ার ভয় তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বেলা বাড়লেও আবহাওয়ার বিশেষ উন্নতি হয়নি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা কম। কুয়াশার এই দাপট বজায় থাকলে আগামী দিনগুলোতে জনজীবন আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

Related Articles