নিম্নচাপ সরতেই দক্ষিণবঙ্গে স্বস্তি! কমবে বৃষ্টির দাপট
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত এই নিম্নচাপের জেরে রবিবার গভীর রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
Truth of Bengal: গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ কাটতে শুরু করায় আপাতত মিলল স্বস্তির নিশ্বাস। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি নির্ধারিত সময়ের প্রায় ৮ ঘণ্টা আগেই পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর ফলে কলকাতা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় বৃষ্টির তীব্রতা ও পরিমাণ অনেকটাই কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নিম্নচাপের প্রভাবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সাময়িকভাবে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত বজায় থাকতে পারে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত এই নিম্নচাপের জেরে রবিবার গভীর রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সোমবার দিনভর কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুর সহ বিস্তীর্ণ অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আবহাওয়ার লেটেস্ট বুলেটিন অনুযায়ী, নিম্নচাপটি বর্তমানে বাংলা পার করে ঝাড়খণ্ডে অবস্থান করছে এবং মঙ্গলবার তা আরও খানিকটা সরে গিয়ে বিহারের দিকে অগ্রসর হতে পারে। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই বললেই চলে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, মঙ্গলবার কলকাতায় আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে এবং দু’-এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবারের মতো ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, বরং মেঘ কেটে গিয়ে দিনের নানা সময়ে রোদের দেখাও মিলতে পারে। টানা বৃষ্টির জেরে শহরের তাপমাত্রায় উল্লেখযোগ্য পতন লক্ষ করা গিয়েছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ৪.৭ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় কলকাতায় মোট ৬০.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।






