Rajdhani Express: ঘন কুয়াশার জেরে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত ৮টি হাতি! লাইনচ্যুত ট্রেনের ৫টি কামরা
এই সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ট্রেনের পাঁচটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। তবে স্বস্তির খবর এই যে, ট্রেনের যাত্রীদের মধ্যে বড় ধরনের কোনো হতাহতের খবর মেলেনি।
Truth of Bengal: অসমে গভীর রাতে ঘটে গেল এক ভয়াবহ রেল দুর্ঘটনা। ঘন কুয়াশা আর অন্ধকারের বুক চিরে ছুটে চলা রাজধানী এক্সপ্রেসের সামনে আচমকা চলে আসে একদল বন্য হাতি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে অন্তত আটটি হাতি, আর একটি হাতির শাবক গুরুতর জখম হয়েছে। এই সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ট্রেনের পাঁচটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। তবে স্বস্তির খবর এই যে, ট্রেনের যাত্রীদের মধ্যে বড় ধরনের কোনো হতাহতের খবর মেলেনি।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, সাইরং থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেসটি রাত ২টো ১৭ মিনিট নাগাদ গুয়াহাটি থেকে ১২৬ কিলোমিটার দূরে এই দুর্ঘটনার কবলে পড়ে। যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি মূলত কোনো চিহ্নিত হাতি পারাপারের পথ বা এলিফ্যান্ট করিডর ছিল না। প্রত্যক্ষদর্শী ও রেল সূত্রে জানানো হয়েছে, কুয়াশাচ্ছন্ন রাতে হঠাৎ করেই লোকো পাইলট দেখতে পান লাইনের ওপর একদল হাতি দাঁড়িয়ে আছে। তিনি তৎক্ষণাৎ এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি থামানোর আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু গতির কারণে সরাসরি হাতির পালের ওপর উঠে যায় এক্সপ্রেসটি।
দুর্ঘটনার পর ভোরে যে দৃশ্য দেখা যায় তা ছিল অত্যন্ত মর্মান্তিক। রেললাইনের ওপর ছড়িয়ে-ছিটিয়ে ছিল হাতিদের দেহাংশ। অন্যদিকে পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। খবর পাওয়ার সাথে সাথেই রেলের উদ্ধারকারী দল এবং ত্রাণ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। এই বিপর্যয়ের জেরে অসম ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে।
ক্ষতিগ্রস্ত কামরাগুলোতে থাকা যাত্রীদের আপাতত ট্রেনের অন্যান্য বগির খালি আসনে সরিয়ে নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি গুয়াহাটি স্টেশনে পৌঁছালে সেখানে অতিরিক্ত কামরা জুড়ে দেওয়া হবে এবং তারপর সেটি নয়াদিল্লির উদ্দেশে রওনা দেবে। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতি ও হাতিদের দেহ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন রেলকর্মীরা।



