কমিশনের নির্দেশে অ্যাকশনে পুলিশ! ডায়মন্ড হারবারে ভোটারদের ভয় দেখানো বাইকবাহিনীর বিরুদ্ধে এফআইআর
কমিশনের তরফে একটি ভিডিও প্রকাশ করে অভিযোগের সত্যতা তুলে ধরা হয়।
Truth of Bengal: ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসতেই কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে পুলিশ ইতিমধ্যেই ঘটনায় এফআইআর দায়ের করেছে। অভিযোগ ছিল, একটি বাইকবাহিনী এলাকায় ঘুরে ভোটারদের ভয় দেখাচ্ছে। বিষয়টি কমিশনের নজরে আসার পরই স্থানীয় প্রশাসন ও পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং রবিবারের মধ্যেই পদক্ষেপ করার কথা বলা হয়েছিল।
কমিশনের তরফে একটি ভিডিও প্রকাশ করে অভিযোগের সত্যতা তুলে ধরা হয়। এরপর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ডায়মন্ড হারবার থানায় বাইকবাহিনীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। সূত্রের খবর, ভয় দেখানো, হুমকি দেওয়া, শান্তিভঙ্গের চেষ্টা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো একাধিক ধারায় এই এফআইআর করা হয়েছে।
উল্লেখ্য, অভিযুক্ত বাইক মিছিল থেকে হুমকিমূলক স্লোগানও শোনা গিয়েছে বলে অভিযোগ—যা এলাকায় আতঙ্ক ছড়ায়। দ্বিতীয় দফার ভোটের আগে যাতে কোনওরকম অশান্তি না হয় এবং ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারেন, সে জন্য কমিশন আগেই একাধিক পদক্ষেপ নিয়েছে। প্রথম দফার ভোট মোটামুটি শান্তিপূর্ণ হওয়ায় দ্বিতীয় দফাতেও একই পরিস্থিতি বজায় রাখার দিকে জোর দেওয়া হচ্ছে।
এর আগে, আচরণবিধি লঙ্ঘন ও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থতার অভিযোগে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিক-সহ পাঁচ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন। তাঁদের পরিবর্তে নতুন আধিকারিকদের নিয়োগ করা হয়। এই পরিস্থিতিতে নতুন করে হুমকির অভিযোগ সামনে আসতেই কমিশন কঠোর অবস্থান নেয় এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়, যার ফলস্বরূপ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ শুরু হয়েছে।






