রাজ্যের খবর

এক বছরে দীঘা জগন্নাথ ধামে ১.৩৩ কোটির বেশি দর্শনার্থী

ভারতের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও বিপুল সংখ্যক ভক্ত, বিশেষত ইসকন সম্প্রদায়ের অনুগামীরা, দীঘায় গেছেন।

রাহুল চট্টোপাধ্যায়:  প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল জগন্নাথ ধাম, দীঘা।
মন্দির উদ্বোধনের পর থেকে সেখানে ১.৩৩ কোটিরও বেশি ভক্ত ও দর্শনার্থী ঘুরে দেখেছেন । অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে মন্দিরটি তার এক বছরের গৌরবময় যাত্রা পূর্ণ করছে। ২০২৫ সালের ৩০ এপ্রিল উদ্বোধনের পর অতি অল্প সময়ের মধ্যেই এই মন্দির দেশ-বিদেশের অন্যতম প্রধান আধ্যাত্মিক গন্তব্যে পরিণত হয়েছে। ভারতের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও বিপুল সংখ্যক ভক্ত, বিশেষত ইসকন সম্প্রদায়ের অনুগামীরা, দীঘায় গেছেন।

এই বিপুল দর্শনার্থীর আগমন শুধু ভক্তির আকর্ষণকেই তুলে ধরার সঙ্গে সঙ্গে দীঘাকে একটি সারাবছরের তীর্থকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। স্থানীয় হোটেল, পরিবহন পরিষেবা, দোকান ,ক্ষুদ্র ব্যবসায়ীরা ধারাবাহিক অর্থনৈতিক উন্নতির সাক্ষী হচ্ছেন, যা এই মন্দিরকে আঞ্চলিক অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত করেছে।

এই উপলক্ষে ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট তথা জগন্নাথ ধাম, দীঘার ট্রাস্টি ও প্রধান পুরোহিত রাধারমন দাস বলেন,
‘এক বছরের মধ্যে ১.৩৩ কোটিরও বেশি ভক্তের আগমন শুধু একটি সংখ্যা নয়—এটি ভগবান জগন্নাথের অসীম কৃপা এবং মানুষের গভীর আস্থার প্রতিফলন। জগন্নাথ ধাম, দীঘা এমন এক স্থান হয়ে উঠেছে যেখানে ভক্তি সকল সীমারেখা অতিক্রম করে মানুষকে একত্রিত করে।এই ধাম লক্ষ লক্ষ মানুষের আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি স্থানীয় মানুষের জীবিকাতেও নতুন দিগন্ত খুলে দিয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় উদ্যোগ—সমস্ত ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।’

অক্ষয় তৃতীয়ায় প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আচার-অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করা হয়েছে, যেখানে আরও বৃহৎ সংখ্যায় ভক্তসমাগমের প্রত্যাশা করা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, মাত্র এক বছরের মধ্যেই জগন্নাথ ধাম, দীঘা ভক্তি, সংস্কৃতি ও অর্থনৈতিক অগ্রগতির এক অনন্য সমন্বয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।’

Related Articles