রাজ্যের খবর

অবহেলায় জগাই-মাধাই এর জন্মভূমি, মন্দিরের হাল ফেরানোর দাবি

Neglected Jagai-Madhai's birth place, demands restoration of the temple

The Truth Of Bengal: যুগাবতার শ্রী চৈতন্যদেবের নাম এলেই আসে জগাই-মাধাইয়ের নাম। চৈতন্য দেবের কৃষ্ণ নাম প্রচারে বাধা দেওয়া জগাই মাধাই পরে কৃষ্ণ নামে বিভোর হয়ে পড়েন। চৈতন্যধাম নবদ্বীপ শহরে পার্শ্ববর্তী এলাকা মাধাইপুরে আছে জগাই মাধাইয়ের জন্মভিটে। আজ তা অবহেলায় পড়ে আছে। প্রায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে জগাই-মাধাই মন্দিরও।

নবদ্বীপ তথা বিশ্ববাসীর কাছে শ্রী চৈতন্যদেব একজন মহাপুরুষ, যুগাবতার। বাল্যকাল থেকেই বিভিন্ন লীলার নিদর্শন পাওয়া যায় চৈতন্যদেবের। তার উল্লেখযোগ্য নিদর্শন হল জগাই-মাধাই উদ্ধার। যা জগৎবিখ্যাত। জানা যায় চৈতন্য দেবের কৃষ্ণ নাম প্রচারে বাধা দেন এই জগাই মাধাই, এমনকী চৈতন্য দেবকে আঘাতও করেছিলেন জগাই-মাধাই। পরবর্তী সময়ে চৈতন্যদেবের কৃষ্ণ নামেই বিভোর হন জগাই-মাধাই। তারপর থেকে চৈতন্য দেবের নামের সঙ্গে ও তাঁর জীবনীর সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে পড়েন। প্রচারিত হয় এই জগাই-মাধাই এর নাম। আর এই জগাই মাধাই-এর পৈতৃক ভিটে আজ পড়ে আছে চূড়ান্ত অবহেলায়। কোথায় সেই জগাই-মাধাই এর পৈতৃক ভিটা? চৈতন্যধাম নবদ্বীপ শহরে পার্শ্ববর্তী এলাকা মাধাইপুর। ভৌগোলিক ভাবে বর্তমানে তা পূর্ব বর্ধমান জেলার জাহান্নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আর এই মাধাইপুরের এক কিলোমিটারে মধ্যেই অবস্থিত নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রাম। যেখানে বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটা তথা মহাপ্রভুর শশুরবাড়ি। একদম নবদ্বীপ লাগোয়া এই মাধাইপুর গ্রাম। জানা যায়, মাধাই-এর নাম অনুসারেই এলাকার নাম হয় মাধাইপুর। প্রায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই জগাই-মাধাই মন্দির। মন্দিরের বর্তমান সেবাইত জানান, জাগাই-মাধাই এর পৈতৃক ভিটা বর্তমানে নদীগর্ভে। এখন যে জায়গায় তাঁদের নিত্যপুজো হয়, তৎকালীন সময়ে সেট ভাঁড়ার ঘর বা রান্নাঘর ছিল। এখন কোনওরকমে পুজো চলে।

নদী ভাঙনের পর এখানেই পুজো হয়। যা প্রায় পাঁচশো বছর ধরে চলে আসছে। প্রতিদিন তিন বেলা হয় পুজো। দুপুরে হয় পঞ্চব্যঞ্জন সহকারে অন্ন ভোগ। বংশ পরম্পরায় সেবাইতরা কষ্টের মধ্যে দিয়েই সেবাকার্য চালিয়ে আসছেন। ভক্তরা যা দেন তা দিয়েই চলে পুজো ও মন্দিরের রক্ষণাবেক্ষণ। সংস্কার করে মন্দিরের হাল ফেরানোর দাবি উঠেছে।

Related Articles