সাতসকালে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান-ফুলের মালা! চাঞ্চল্য নানুরে
ভোটপ্রচারের মাঝেই এক বিজেপি নেতাকে পরোক্ষভাবে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে
Truth of Bengal: নির্বাচনের দামামা বাজতেই উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের নানুর। ভোটপ্রচারের মাঝেই এক বিজেপি নেতাকে পরোক্ষভাবে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। নানুরের থুপসারা অঞ্চলের কুড়গ্রামের বাসিন্দা তথা বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনে বুধবার সকালে এক ভয়াবহ দৃশ্য দেখা যায়। যা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
অন্যান্য দিনের মতোই মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন রামকৃষ্ণবাবু। বুধবার ভোরে দরজা খুলতেই তিনি দেখেন, বাড়ির দোরগোড়ায় সাজিয়ে রাখা হয়েছে একটি সাদা থান কাপড়, ফুলের মালা, ধুপকাঠি এবং মিষ্টি। সাধারণত কারো মৃত্যু হলে এই সামগ্রীগুলো ব্যবহার করা হয়। রাজনৈতিক মহলের মতে, এটি আসলে ওই বিজেপি নেতাকে প্রাণে মারার এক প্রতীকী হুমকি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছে রামকৃষ্ণ মণ্ডলের পরিবার। বিজেপি নেতার দাবি, সামনেই বিধানসভা নির্বাচন, আর তৃণমূল বুঝে গিয়েছে যে তাদের মাটি আলগা হচ্ছে। তাই ভয় দেখিয়ে বিজেপি কর্মীদের ঘরে বসিয়ে দেওয়ার জন্য শাসকদলের কর্মীরাই পরিকল্পিতভাবে এই কাজ করেছে। যদিও তিনি সাফ জানিয়েছেন যে, এই ধরণের হুমকিতে তিনি ভয় পাচ্ছেন না এবং দলীয় কাজ চালিয়ে যাবেন।
অন্যদিকে, এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শাসকদলের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই। উলটে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই কাণ্ড ঘটেছে বলে তারা পালটা অভিযোগ তুলেছে। ভোট যত এগোচ্ছে, বীরভূমের মাটিতে রাজনৈতিক পারদ যে তত চড়ছে, নানুরের এই ঘটনা তারই প্রমাণ দিচ্ছে।






