প্লাস্টিকমুক্ত স্বচ্ছ পরিবেশ গড়ার বার্তা, বালুরঘাটে আত্রেয়ী নদীর তীরে ‘মিশন অমৃত’
নদী ও প্রাকৃতিক সম্পদের উপর মানুষের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়াই ছিল কর্মসূচির মূল লক্ষ্য।
Truth Of Bengal: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: পরিবেশ সুরক্ষা আর সামাজিক দায়বদ্ধতার স্পষ্ট বার্তা নিয়ে রবিবার সকালে বালুরঘাটে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল সন্ত নিরঙ্কারী মণ্ডল। ত্রিমোহিনী, বালুরঘাট, বুনিয়াদপুর ও রায়গঞ্জ থেকে আগত মণ্ডলের দাসদের অংশগ্রহণে আত্রেয়ী নদীর তীরে আয়োজিত হল ‘মিশন অমৃত’। উপলক্ষ্য বাবা হরদেব সিং জী মহারাজের জন্মতিথি। মাতা সুদীক্ষা জী মহারাজের আশীর্বাদে তাঁর বাণী অনুযায়ী কর্মসূচির শিরোনাম ছিল — ‘প্রকল্প অমৃত: স্বচ্ছ জল, স্বচ্ছ মন’ ।আজ যখন বিশ্ব জুড়ে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন বড় চ্যালেঞ্জ, তখন বালুরঘাটে এই উদ্যোগ নতুন করে ভাবতে শেখাল।
নদী ও প্রাকৃতিক সম্পদের উপর মানুষের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়াই ছিল কর্মসূচির মূল লক্ষ্য। জল দূষণ রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সমাজে সচেতনতা গড়ে তোলার বার্তা উঠে আসে বারবার।বালুরঘাটের প্রাণপ্রবাহ আত্রেয়ী নদীর তীরে এদিন স্বেচ্ছাশ্রমে নেমে পড়েন সন্ত নিরঙ্কারী মণ্ডলের সদস্যরা। নদীর ঘাট ও আশপাশের এলাকা থেকে প্লাস্টিক ও আবর্জনা সরানো হয়। পাশাপাশি নদীর জল দূষণের ক্ষতিকর প্রভাব এবং জল সংরক্ষণের গুরুত্ব নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করা হয়।আয়োজকদের বক্তব্যে স্পষ্ট ছিল সামাজিক দায়বদ্ধতার কথা। তাঁদের কথায়, জল শুধু দৈনন্দিন জীবনের প্রয়োজন নয়, প্রকৃতির ভারসাম্য টিকিয়ে রাখার অন্যতম ভিত্তি।
সেই জলকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য।কর্মসূচিতে বালুরঘাটের স্থানীয় মানুষজনের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে নদী পরিষ্কারে হাত লাগান। কেউ কেউ ভবিষ্যতে এমন পরিবেশবান্ধব উদ্যোগে আরও সক্রিয় থাকার অঙ্গীকার করেন।বালুরঘাটে অনুষ্ঠিত ‘প্রকল্প অমৃত’ কর্মসূচি আবারও দেখিয়ে দিল, সংগঠিত উদ্যোগ আর ব্যক্তিগত সচেতনতা একসঙ্গে চললে পরিবেশ রক্ষায় বাস্তব পরিবর্তন সম্ভব। সন্ত নিরঙ্কারী মণ্ডলের এই উদ্যোগ শুধু একটি কর্মসূচি নয়, বরং বালুরঘাট থেকে উঠে আসা এক শক্তিশালী বার্তা — পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব। একসঙ্গে এগোলেই গড়ে উঠবে আরও সুন্দর, আরও বাসযোগ্য পৃথিবী।






