ভিড়ভাট্টা ভুলে মেঘেদের দেশে দু-দিন! উত্তরবঙ্গের বুকে এক অদেখা জাদুনগরী ‘সৌরেনি’
এখানে আসলেই আঁকাবাঁকা পাকদণ্ডী পাহাড়ি পথ, দু'পাশে বিস্তীর্ণ চা বাগান ও পাহাড়ি ঝর্ণার দেখা মেলে
Truth of Bengal: উত্তরবঙ্গের পাহাড়ের কোলে আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক একটি পাহাড়ি গ্রাম হল অফবিট পর্যটন কেন্দ্র। পাহাড়, কমলালেবুর বাগান, হ্রদ ঘেরা চেনা মিরিকের আড়ালে লুকিয়ে আছে এক নির্জন, শান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি গ্রাম সৌরেনি। নামটা ভারী সুন্দর। পাহাড়, চা বাগান, মেঘে ঢাকা প্রকৃতির সান্নিধ্যে দুদণ্ড শান্তিতে কাটানোর আদর্শ ঠিকানা হল সৌরেনি। এখানে এখনো সেভাবে পর্যটকদের ভিড় বাড়েনি। মিরিক শহর থেকে কিছুটা দূরে অবস্থিত পাহাড়ি গ্রাম সৌরেনি। এখানে আসলেই আঁকাবাঁকা পাকদণ্ডী পাহাড়ি পথ, দু’পাশে বিস্তীর্ণ চা বাগান ও পাহাড়ি ঝর্ণার দেখা মেলে।
সৌরেনির মূল আকর্ষণ হল নিস্তব্ধ নির্জন প্রকৃতির সান্নিধ্যে নিরিবিলি পরিবেশ। ছোট্ট পাহাড়ি গ্রামকে ঘিরে আছে সবুজ পাহাড়, ঘন বনাঞ্চল ও দূরে দূরে চা বাগান। মিরিকের আড়ালে লুকিয়ে থাকা সৌরেনিতে আসলে রঙ বেরঙের নানান প্রজাতির পাখির দেখা মেলে। সৌরেনির মূল আকর্ষণ তার প্রাকৃতিক সৌন্দর্য। কাছাকাছি জঙ্গলের পথে ট্রেকিং, সৌরেনি-টিংলিং ভিউ পয়েন্ট থেকে চা বাগান দেখা, পাহাড়ের চূড়া থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে দেখতে মন ভরে যায়। শিলিগুড়ি, বাগডোগরা বিমানবন্দর বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দুধিয়া হয়ে পৌঁছে যাওয়া যায় সৌরেনি। সময় লাগে ঘণ্টা তিনেক। সারা বছর আসা যায় সৌরেনি। থাকার জন্য আছে হোম স্টে।






