উত্তরে ‘কমলা’ তো দক্ষিণে ‘হলুদ’ সতর্কতা! বৃষ্টিতে ভিজছে গোটা বাংলা, আবহাওয়ার বড় আপডেট
বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা এবং রোদের তেজ অনেকটাই কম।
Truth of Bengal: আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, উত্তর থেকে দক্ষিণ— গোটা রাজ্যেই এখন ঝড়বৃষ্টির দাপট চলছে, যার জেরে তীব্র গরম থেকে স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। তবে এই স্বস্তি স্থায়ী হলেও আগামী ৪ থেকে ৮ জুলাই অর্থাৎ সপ্তাহান্তে বৃষ্টির দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের ওপর একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে, যা ক্রমশ শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসতে পারে। এর প্রভাবে উপকূলবর্তী জেলাগুলোর পাশাপাশি কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা এবং রোদের তেজ অনেকটাই কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতির জেরে কলকাতায় ইতিমধ্যেই ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম) এবং সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি)।
দক্ষিণবঙ্গের জেলাগুলোতে চলতি সপ্তাহ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ বিশেষ করে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে; বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। সপ্তাহান্তে উপকূলের জেলাগুলোতে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি হতে পারে বলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির তাণ্ডব অব্যাহত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টির জন্য বহাল রয়েছে হলুদ সতর্কতা। তবে স্বস্তির খবর এই যে, দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টি বাড়লেও উত্তরবঙ্গে সপ্তাহের শেষের দিকে ভারী বৃষ্টির তেমন বড় কোনো সম্ভাবনা নেই।





