রাজ্যের খবর

পুলিশের সঙ্গে তুমুল বচসা! আঙুল উঁচিয়ে হুঙ্কার হুমায়ুনের

পুলিশের বাধার মুখে মেজাজ হারালেন হুমায়ুন কবীর, হুডখোলা গাড়ি ছেড়ে পায়ে হেঁটেই প্রচার প্রার্থীর

কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: শেষবেলার প্রচারে বেরিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হুমায়ুন কবীর। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে নওদা থানা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন প্রার্থী। শেষপর্যন্ত মেজাজ হারিয়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই সমর্থকদের নিয়ে প্রচার সারেন তিনি।

​স্থানীয় সূত্রে খবর, নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে এদিন হুডখোলা গাড়ি নিয়ে বের হয়েছিলেন হুমায়ুন কবীর। কিন্তু নওদা থানার পুলিশ তাঁর পথ আটকায়। পুলিশের দাবি, প্রচারের জন্য যে কনভয় ব্যবহার করা হচ্ছিল, তার আগাম কোনও অনুমতি ছিল না। অনুমতি ছাড়া গাড়ি নিয়ে প্রচারে আইনি নিষেধাজ্ঞা রয়েছে বলে সাফ জানিয়ে দেয় পুলিশ।

​অন্যদিকে, পুলিশের এই বাধার মুখে মেজাজ হারান হুমায়ুন কবীর। তাঁর পালটা অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে আটকানোর চেষ্টা করছে পুলিশ। এই নিয়ে দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে তাঁর বচসা ও উত্তপ্ত বাক্যবিনিময় চলে। পরিস্থিতি থমথমে হয়ে উঠলে হুমায়ুন কবীর গাড়ি ছেড়ে নেমে পড়ার সিদ্ধান্ত নেন। পুলিশের বাধা উপেক্ষা করেই তিনি পায়ে হেঁটে তাঁর অনুগামীদের নিয়ে প্রচার শুরু করেন।

​এই ঘটনা নিয়ে নওদা এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আম জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হলেও, পুলিশের দাবি তারা কেবল নির্বাচন কমিশনের নিয়ম মেনেই কাজ করেছে। সব মিলিয়ে শেষলগ্নের প্রচারে নওদার উত্তাপ কয়েক গুণ বেড়ে গেল

Related Articles