সন্ধে ৬টার পর বাইকে ঘোরাঘুরি ‘নিষিদ্ধ’, ডবল ক্যারিতেও না কমিশনের, জানুন নির্দেশিকা
তবে জরুরি চিকিৎসা পরিষেবা কিংবা পরিবারের বিশেষ প্রয়োজনে এই নিয়মের বাইরে ছাড় পাওয়া যাবে।
Truth Of Bengal: পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচনকে সামনে রেখে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিলের ভোটগ্রহণ যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করতে এবার বাইক চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মূলত ভোটের সময় ‘বাইক বাহিনী’র দাপট রুখতে এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। কমিশনের এই নির্দেশিকা অনুযায়ী, ভোটের দু’দিন আগে থেকেই স্পর্শকাতর এলাকাগুলোতে কোনো ধরনের মোটরবাইক র্যালি বা মোটরসাইকেল মিছিল করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
সন্ধে ৬টার পর বাইকে ঘোরাঘুরি ‘নিষিদ্ধ’, ডবল ক্যারিতেও না কমিশনের, জানুন নির্দেশিকা pic.twitter.com/cyJGSHiITB
— thetruthofbengal (@TruthofBengalX) April 21, 2026
কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত মোটরবাইক চালানো নিষিদ্ধ থাকবে। তবে জরুরি চিকিৎসা পরিষেবা কিংবা পরিবারের বিশেষ প্রয়োজনে এই নিয়মের বাইরে ছাড় পাওয়া যাবে। শুধুমাত্র রাতের বেলা নয়, দিনের বেলাতেও বাইক আরোহীদের ওপর কড়াকড়ি করা হয়েছে। ভোটের দু’দিন আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইকের পিছনে কোনো আরোহীকে বসানো যাবে না। তবে স্কুল পড়ুয়াদের পৌঁছে দেওয়া বা জরুরি চিকিৎসার মতো পারিবারিক দরকারে এই নিয়মে কিছুটা শিথিলতা রাখা হয়েছে।
এই বিশেষ ছাড়ের বাইরে অন্য কোনো প্রয়োজনে বাইক বা আরোহী নিয়ে বেরোতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির জন্য স্থানীয় থানার লিখিত অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশিকা সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে কমিশন। যদিও কমিশনের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে; বিরোধীদের অনেকেই কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন যে এরপর কি সাইকেল চালানোর ওপরও নিষেধাজ্ঞা আসবে! তবে শান্তি বজায় রাখতে প্রশাসন তাদের সিদ্ধান্তে অনড়।





