‘সিংহম’ অজয় পালের সঙ্গে অসহযোগিতা! ভোটের ১২ ঘণ্টা আগে ফলতার বিডিও অপসারিত
কমিশনের চরম সিদ্ধান্ত! ফলতা থেকে সোজা পুরুলিয়ায় বদলি বিডিও সৌরভ হাজরা
Truth of Bengal: ভোটের শেষলগ্নে ফলতায় বড়সড় প্রশাসনিক রদবদল ঘটিয়ে চমক দিল নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার হাইভোল্টেজ নির্বাচনের মাত্র ১২ ঘণ্টা আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিডিও (BDO) সৌরভ হাজরাকে সরিয়ে দেওয়া হল। উত্তরপ্রদেশ থেকে আসা দাপুটে আইপিএস তথা পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার সঙ্গে ‘অসহযোগিতা’র দায়ে এই কঠোর পদক্ষেপ নিল কমিশন। সরিয়ে দিয়ে তাঁকে তড়িঘড়ি পুরুলিয়ায় বদলি করা হয়েছে।
ফলতা বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। এই কেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের দুঁদে অফিসার অজয় পাল শর্মাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে কমিশন। সোমবারই তাঁকে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে গিয়ে কড়া হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল। অভিযোগ উঠেছে, এই আইপিএস অফিসারের কাজকর্মে বাধা সৃষ্টি করছিলেন বা তাঁর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় রাখছিলেন না বিডিও সৌরভ হাজরা। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখতে এবং ‘সিংঘম’ অজয় পালের কাজে স্বচ্ছতা আনতেই এই শেষ মুহূর্তের রদবদল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে এমন গুরুত্বপূর্ণ পদ থেকে আধিকারিক সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের দাবি, সরকারি আধিকারিকদের একাংশ শাসক দলের হয়ে কাজ করছে বলেই এমন পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে কমিশন। অন্যদিকে, শাসক শিবিরের দাবি, ইচ্ছে করে প্রশাসনিক কাজে ভীতি প্রদর্শন করা হচ্ছে। আপাতত ফলতার ভোটের তদারকিতে কার ওপর দায়িত্ব বর্তাবে, সেদিকেই নজর সব মহলের।





