রাজ্যের খবর

ভোটের আগে খাঁ খাঁ করছে পেট্রাপোল! ভারত-বাংলাদেশ সীমান্ত কার্যত ‘সিল’ করল কমিশন

সীমান্ত পেরিয়ে যাতে কোনো অশান্তি দানা বাঁধতে না পারে, তার জন্য নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। 

Truth of Bengal: বুধবার দক্ষিণবঙ্গের ৭ জেলার ১৪২ আসনে দ্বিতীয় দফার হাই-ভোল্টেজ নির্বাচন। প্রথম দফার বিক্ষিপ্ত অশান্তি থেকে শিক্ষা নিয়ে এবার আরও বেশি তৎপর নির্বাচন কমিশন। বিশেষ করে সীমান্ত পেরিয়ে যাতে কোনো অশান্তি দানা বাঁধতে না পারে, তার জন্য নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে।

কমিশনের নির্দেশে মঙ্গলবার থেকেই ভারত-বাংলাদেশ সীমান্ত কার্যত ‘সিল’ করে দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল বন্দর দিয়ে সীমান্ত বাণিজ্য বুধবার রাত পর্যন্ত পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর ফলে বনধের চেহারা নিয়েছে এশিয়ার বৃহত্তম এই স্থলবন্দর। মঙ্গলবার সকাল থেকেই পেট্রাপোলে দোকানপাট, ব্যবসা-বাণিজ্য ও মুদ্রা বিনিময় কেন্দ্রগুলি বন্ধ রয়েছে।

বন্দর সূত্রে খবর, বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির জেরে এমনিতেই সীমান্ত দিয়ে যাতায়াত কমেছিল। তবে ভোটের মুখে কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে। চিকিৎসার জন্য যে সমস্ত বাংলাদেশি নাগরিক ভারতে এসেছিলেন, তাঁদের অধিকাংশই ফিরে গিয়েছেন। পাশাপাশি বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকরাও ভোটের আগে নিজেদের এলাকায় ফিরতে শুরু করেছেন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বিএসএফ-এর টহলদারি বাড়ানো হয়েছে এবং জলপথেও কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।

Related Articles