ডোমকলে সিপিএম সমর্থকদের ভোটদানে বাধা, রিপোর্ট তলব করল কমিশন
বাম ভোটারদের পথ আটকাল ‘তৃণমূল’! রায়পুরে রাতভর বোমাবাজির পর সকালে বুথ আগলে বিক্ষোভ
Truth of Bengal: প্রথম দফার নির্বাচনে উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল। বৃহস্পতিবার সকালে ডোমকলের রায়পুর এলাকায় সিপিএম সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ডোমকলের ২১৮ নম্বর বুথ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে।
স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, বুধবার রাত থেকেই রায়পুর ও সংলগ্ন এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল। বৃহস্পতিবার সকালে যখন বাম সমর্থকরা ভোট দিতে বুথে যাচ্ছিলেন, তখন তাঁদের পথ আটকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বামেদের দাবি, প্রথমে সেখানে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকলেও তারা ছিল কার্যত ‘নিষ্ক্রিয়’। রাজ্য পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) শুভম বজাজ এবং কেন্দ্রীয় বাহিনীর বিশাল বাহিনী। মাইক হাতে ভোটারদের অভয় দিয়ে বুথে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। পুলিশের হস্তক্ষেপে এবং কেন্দ্রীয় বাহিনীর পাহারায় শেষ পর্যন্ত লাইনে দাঁড়ান বাম সমর্থকেরা। তবে বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেছেন এসডিপিও। তাঁর দাবি, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।
এদিকে, ডোমকলের বিতর্কিত প্রার্থী হুমায়ুন কবীর (আম জনতা উন্নয়ন পার্টি) ওই বুথ পরিদর্শনে গেলে সাধারণ ভোটারদের একাংশ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। ভোটারদের অভিযোগ, বহিরাগতদের এনে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। যদিও তৃণমূল বা হুমায়ুন কবীরের পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। আপাতত কড়া পাহারায় ডোমকলের ওই বুথে ভোটগ্রহণ চলছে।






