রাজ্যের খবর

দিঘায় এবার বিশ্বমানের বিলাসিতা! ২০০ কোটির হোটেল কমপ্লেক্স গড়তে মেগা টেন্ডার হিডকোর

মঙ্গলবার এই প্রকল্পের জন্য হিডকোর পক্ষ থেকে দুটি পৃথক দরপত্র বা টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Truth of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিঘায় জগন্নাথ ধাম নির্মাণের পর এবার সেখানে পর্যটকদের জন্য বিশ্বমানের আবাসন পরিকাঠামো গড়ে তুলতে বড় পদক্ষেপ নিল হিডকো। দিঘায় প্রায় ১০ একর জমির ওপর বিশাল হোটেল কমপ্লেক্স নির্মাণ করতে চলেছে এই আবাসন পরিকাঠামো উন্নয়ন নিগম। মঙ্গলবার এই প্রকল্পের জন্য হিডকোর পক্ষ থেকে দুটি পৃথক দরপত্র বা টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

হিডকোর দেওয়া তথ্য অনুযায়ী, দিঘার পশ্চিম গদাধরপুর মৌজায় মোট দুটি ধাপে এই জমি বরাদ্দ করা হয়েছে। প্রথম বিজ্ঞপ্তিতে ৩৪টি প্লট মিলিয়ে ৬.৮৮ একর এবং দ্বিতীয় বিজ্ঞপ্তিতে ১২টি প্লট মিলিয়ে ২.২৯ একর জমির কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মোট ৯.১৭ একর (প্রায় ১০ একর) জমিতে এই হোটেলটি নির্মিত হবে। এই বিশাল প্রকল্পের কাজ সম্পন্ন করতে প্রায় ২০০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আগামী ১৮ মার্চ এই প্রকল্পের ই-অকশন বা ইলেকট্রনিক নিলামের মাধ্যমে দরপত্র চূড়ান্ত করা হবে। তবে এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য হিডকো বেশ কিছু কড়া মানদণ্ড বেঁধে দিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কেবল সেই সব সংস্থাই নিলামে অংশ নিতে পারবে যাদের গত তিনটি আর্থিক বছরের প্রতিটিতে বার্ষিক লেনদেন বা টার্নওভার কমপক্ষে ১০০ কোটি টাকা ছিল। সফল সংস্থাকে কাজ শেষ করার জন্য পাঁচ বছর সময় দেওয়া হবে।

রাজ্যের অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা হিডকোর বর্তমান চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রসঙ্গে জানিয়েছেন যে, জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকেই দিঘায় পর্যটকদের ভিড় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের এপ্রিলে উদ্বোধনের পর আট মাস কাটতে না কাটতেই দর্শনার্থীর সংখ্যা এক কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এই ক্রমবর্ধমান পর্যটন চাহিদার কথা মাথায় রেখেই উন্নতমানের হোটেল নির্মাণের এই পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লেখ্য, দিঘার জগন্নাথ ধাম ছাড়াও বর্তমানে নিউ টাউনে ‘দুর্গা অঙ্গন’ এবং শিলিগুড়িতে ‘মহাকাল মন্দির’ নির্মাণের দায়িত্ব সামলাচ্ছে হিডকো। দিঘার এই নতুন হোটেল প্রকল্পটি পর্যটন মানচিত্রে এলাকাটিকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের আধিকারিকরা। যদিও দরপত্র চূড়ান্ত হওয়ার নির্ধারিত সময়ের আগেই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা নিয়ে প্রশাসনিক মহলে জোর তৎপরতা চলছে।

Related Articles