‘দুই ভারত’ এবার সংসদে, অভিষেকের মুখে নিজের কবিতা শুনে কী বললেন বীর দাস?
মঙ্গলবার লোকসভায় বাজেট অধিবেশনের জবাবি ভাষণে কেন্দ্রকে বিঁধতে গিয়ে বীর দাসের প্রসঙ্গ টানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Truth Of Bengal: এক সময় যে কবিতার জন্য জুটেছিল তীব্র ঘৃণা, সোশ্যাল মিডিয়ায় আক্রমণ এবং এমনকি প্রাণনাশের হুমকি— আজ সেই কবিতাই ভারতের সংসদ ভবনে প্রতিধ্বনিত। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বীর দাসের সেই বিখ্যাত ‘দুই ভারত’ তত্ত্বকে হাতিয়ার করায় স্তম্ভিত খোদ কৌতুক অভিনেতা।
মঙ্গলবার লোকসভায় বাজেট অধিবেশনের জবাবি ভাষণে কেন্দ্রকে বিঁধতে গিয়ে বীর দাসের প্রসঙ্গ টানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কিছুদিন আগে আমেরিকায় এক তরুণ কমেডিয়ান দুই ভারতের কথা বলেছিলেন। সেই বক্তব্যে কেউ হেসেছিলেন, কেউ আবার ক্ষুব্ধ হয়েছিলেন। কিন্তু তিনি কেবল কৌতুক করেননি, বরং গোটা দেশকে আয়না দেখিয়েছিলেন। আমি নিজেকে সেই দুই ভারতের প্রতিনিধি মনে করি।”
View this post on Instagram
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও যোগ করেন, “এমন এক ভারত যেখানে ‘এক ভারত-শ্রেষ্ঠ ভারত’-এর স্লোগান দেওয়া হয়, অথচ ভাষার ভিত্তিতে মানুষকে বৈষম্যের শিকার হতে হয়। বাংলা ভাষায় কথা বললে বা মাছ খেলে নির্দিষ্ট তকমা দেওয়া হয়। জয় বাংলা স্লোগান দিলেই অনুপ্রবেশকারী হিসেবে দেগে দেওয়ার চেষ্টা চলে।”
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তৃতার ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বীর দাস। ভিডিওটি কিছুটা ‘রোস্ট’ স্টাইলে এডিট করে অভিনেতা বিস্ময়ের সুরে বলেন, “এসব কি সত্যিই দেশের সংসদে আলোচনা হচ্ছে!”
তবে স্বীকৃতির আনন্দ থাকলেও তাঁর গলায় আক্ষেপের সুর স্পষ্ট। বীর স্মরণ করিয়ে দেন, যখন এই কবিতার জন্য তাঁকে দেশজুড়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল এবং একা লড়াই করতে হয়েছিল, তখন কাউকেই পাশে পাননি তিনি। বর্তমানে নিজের নতুন কমেডি সিরিজ নিয়ে বিশ্ব সফরে বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন বীর। অভিষেকের বক্তৃতার ক্লিপটি শেয়ার করার মাধ্যমে তিনি যেমন নিজের কাজের স্বীকৃতি উদযাপন করেছেন, তেমনই কৌশলে নিজের আগামী সফরের প্রচারও সেরে নিয়েছেন।






