রাজ্যের খবর

একধাক্কায় বাড়ল ৫০০০ টাকা বেতন! প্যারা টিচার থেকে বন সহায়কদের মুখে হাসি ফোটাল রাজ্য

শিক্ষাবন্ধু, এসএসকে, এমএসকে সহায়কদের মুখে হাসি! নবান্ন থেকে কর্মচারীদের বিরাট সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী

Truth of Bengal: শিক্ষক দিবস পালনের পরপরই রাজ্য সরকারি চুক্তিভিত্তিক কর্মচারী, প্যারা টিচার এবং বন দপ্তরের কর্মীদের জন্য বিরাট সুখবর নিয়ে এল রাজ্য সরকার। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে একগুচ্ছ বেতন ও পারিশ্রমিক বৃদ্ধির ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্যারা টিচার (পার্শ্ব শিক্ষক), শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, ম্যানেজমেন্ট কর্মী এবং বন সহায়কদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি, রাজ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মিউচুয়াল বা পারস্পরিক বদলির সুবিধার জন্য ‘ইন্টার ইউনিভার্সিটি ট্র্যান্সফার বিল’-এ মন্ত্রিসভার অনুমোদন মিলেছে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক ও আপার প্রাইমারি, উভয় স্তরের প্যারা টিচারদের মাসিক বেতন একধাক্কায় ৫ হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রাথমিকে ২০ হাজার ৩৪৩ জন এবং আপার প্রাইমারিতে ২১ হাজার ৮৪৯ জন শিক্ষক সরাসরি উপকৃত হবেন। এতদিন প্রাথমিক স্তরের প্যারা টিচাররা মাসে ১১ হাজার ৯৪১ টাকা করে পেতে, যা বেড়ে দাঁড়াচ্ছে ১৬ হাজার ৯৪১ টাকায়। অন্যদিকে, আপার প্রাইমারির প্যারা টিচারদের বেতন ১৫ হাজার ৫২৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ৫২৩ টাকা করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে।

প্যারা টিচারদের পাশাপাশি শিক্ষার অন্যান্য ক্ষেত্রের কর্মীদেরও উপহার দিয়েছে নতুন সরকার। ২২৮০ জন শিক্ষাবন্ধু এবং স্পেশাল এডুকেটরদের বেতনও ১ নভেম্বর থেকে সমপরিমাণ অর্থাৎ ৫ হাজার টাকা বাড়ানো হচ্ছে। এ ছাড়া এসএসকে (SSK), এমএসকে (MSK)-র সহায়ক এবং ম্যানেজমেন্ট কর্মীদেরও বেতন একযোগে ৫ হাজার টাকা বাড়বে।

শিক্ষাক্ষেত্রের পাশাপাশি বন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রেও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ১ অক্টোবর থেকে ফরেস্ট গার্ড ও বন সহায়কদের পারিশ্রমিক ৫ হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে উপকৃত হবেন প্রায় ১৫০০ জন কর্মী। প্রাক্তন বিধায়কদের উন্নত চিকিৎসার স্বার্থে বর্ধিত মেডিক্যাল ভাতা ১ আগস্ট থেকে কার্যকর করা হয়েছে বলেও নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী।

এদিনের মন্ত্রিসভার বৈঠকে শিক্ষার মান উন্নয়নে আরও একটি বড় মাইলফলক অর্জিত হয়েছে। এতদিন রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও কর্মীদের বদলি সংক্রান্ত নির্দিষ্ট কোনও বিধিবদ্ধ আইন ছিল না। এবার ‘ইন্টার ইউনিভার্সিটি ট্র্যান্সফার বিল’-এ অনুমোদন দেওয়ায় উচ্চশিক্ষার কর্মীরা এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে পারস্পরিক ট্রান্সফার নিতে পারবেন। খুব শিগগিরই বিধানসভার বিশেষ অধিবেশনে জরুরি ভিত্তিতে বিলটি পেশ করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

Related Articles