রাজ্যের খবর

ভরা রাস্তায় শুটআউট! হাওড়ায় প্রোমোটারকে গুলি করে খুন

পুরনো শত্রুতা নাকি ব্যবসায়িক লেনদেনের দ্বন্দ্ব—খুনের নেপথ্যে ঠিক কী কারণ

Truth of Bengal: রমজানের পবিত্র মাসের ভোরেই রক্তাক্ত ঘটনায় কেঁপে উঠল হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পিলখানা। মঙ্গলবার সকালে প্রকাশ্য রাস্তায় এক যুবককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। মৃতের নাম শফিক খান, বয়স আনুমানিক ২৭। পেশায় তিনি প্রোমোটার ছিলেন। পুরনো শত্রুতা নাকি ব্যবসায়িক লেনদেনের দ্বন্দ্ব—খুনের নেপথ্যে ঠিক কী কারণ, তা ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরবেলায় যখন এলাকায় রমজানের প্রস্তুতি চলছিল, সেই সময়ই ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার ধারে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন শফিক। সেখানে উপস্থিত ছিল হারুন ও রোহিত নামে দুই যুবকও। কথাবার্তার মাঝেই হঠাৎ বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অভিযোগ, অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র বের করে শফিকের মাথা ও বুকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোলাবাড়ি থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা শফিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

মৃতের ভাই জাহিদ খানের অভিযোগ, হারুন ও রোহিত দু’জনেই এলাকায় দাগী অপরাধী হিসেবে পরিচিত এবং জেল ফেরত। তাঁর দাবি, পূর্বপরিকল্পিতভাবেই এই খুন করা হয়েছে। দোষীদের দ্রুত গ্রেফতার ও কড়া শাস্তির দাবি তুলেছেন তিনি। ঘটনার খবর পেয়ে এলাকায় যান ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহম্মদ রুস্তম খান। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শফিক এলাকায় শান্ত স্বভাবের ছেলে হিসেবেই পরিচিত ছিলেন। ভরা রাস্তায় এভাবে গুলি করে খুনের ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন তিনি।