স্বাধীনতা দিবসে বৃষ্টির দাপট! উত্তর-দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা
রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
Truth of Bengal: স্বাধীনতা দিবসের দিনও বাংলার আবহাওয়ায় স্বস্তি নেই। নিম্নচাপের প্রভাবে শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে চার জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বর্তমানে নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় এখনও গভীর নিম্নচাপের প্রভাব রয়েছে। এর জেরেই শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির দাপট থাকতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।
আজ, শুক্রবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান—এই ছয় জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এ ছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমার সম্ভাবনা। যদিও কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। সোমবার ও মঙ্গলবার দু’-এক জায়গায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হলেও আপাতত কোনও বড় সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের পরিস্থিতি অবশ্য আরও সক্রিয় হতে পারে। বুধবার পর্যন্ত প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সতর্কতাও থাকবে। রবিবার ও সোমবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ফলে পাহাড় ও পার্বত্য এলাকায় বিশেষ সতর্কতা প্রয়োজন। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। বিশেষ করে দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপ ও খারাপ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। ১৫ আগস্ট, শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ফলে স্বাধীনতা দিবসের দিনও উপকূলবর্তী এলাকায় সতর্ক নজর রাখছে প্রশাসন।






