কলকাতারাজ্যের খবর

বঙ্গে ফের বদলাচ্ছে আবহাওয়া! বঙ্গোপসাগরে সক্রিয় নতুন অক্ষরেখা, লাল সতর্কতা জারি ৮ জেলায়

আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে

Truth of Bengal: মৌসুমী অক্ষরেখার অবস্থান বদলানোর সঙ্গে সঙ্গে রাজ্যের আবহাওয়াতেও ফের পরিবর্তনের ইঙ্গিত। বর্তমানে একটি অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে সরে বহরমপুরের উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত আরও একটি অক্ষরেখা উত্তরবঙ্গ ও অসমের উপর দিয়ে গিয়েছে। এই দুই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবেই আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯টি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে সোমবার থেকেই ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পরিস্থিতি আরও বদলাতে পারে। রাজ্যের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।বুধবার উপকূলবর্তী এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বুধবার ও বৃহস্পতিবারও কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গেও সপ্তাহান্তে বৃষ্টির দাপট থাকবে। শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে পারে। বুধবার থেকে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা অনেকটাই কমে যাবে বলে পূর্বাভাস। কলকাতা ও সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সাময়িকভাবে বৃষ্টির দাপট কমলেও আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

Related Articles