কলকাতারাজ্যের খবর

মঙ্গলবার থেকেই বদলাবে আবহাওয়া! টানা বৃষ্টির সতর্কতা বাংলায়

উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

Truth of Bengal: আশ্বিনের শুরুতেই ফের বৃষ্টির ভ্রুকুটি। বঙ্গোপসাগরের আবহাওয়া ব্যবস্থার প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সর্বশেষ IMD সতর্কতায় ২২ সেপ্টেম্বর বজ্রঝড়ের সম্ভাবনা, ২৩ ও ২৪ সেপ্টেম্বর ভারী বৃষ্টি এবং ২৫ সেপ্টেম্বর আরও তীব্র বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে।

উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উপকূলবর্তী কিছু এলাকায় বাতাসের গতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার থেকে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি বাড়তে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান-সহ আরও কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতাতেও মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে। বুধ থেকে শুক্রবারের মধ্যে শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান পূর্বাভাসে ২২ সেপ্টেম্বর কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনাও দেখানো হচ্ছে।

Related Articles