মমতার ‘দুয়ারে সরকা’র অতীত! ১৫ জুন থেকে রাজ্যের প্রতি ব্লকে বসছে জনকল্যাণ শিবির
এক ছাতার তলায় ৫৫টি পরিষেবা! অন্নপূর্ণা যোজনা থেকে ভোটার-আধার কার্ডের ভুল সংশোধন, এবার সব মুশকিল আসান
Truth of Bengal: ছাব্বিশের ঐতিহাসিক ক্ষমতার পালাবদলের পর রাজ্যের আমজনতাকে দেওয়া অন্যতম সেরা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে নতুন বিজেপি সরকার। এবার সরাসরি সাধারণ মানুষের ঘরের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল নবান্ন। পূর্বতন তৃণমূল সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ধাঁচেই এবার রাজ্যজুড়ে ব্লক স্তরে বিশেষ ‘জনকল্যাণ শিবির’-এর আয়োজন করতে চলেছে বর্তমান সরকার। নবান্ন সূত্রে খবর, আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন, এই তিন দিন ধরে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে বসবে এই মেগা আউটরিচ ক্যাম্প। নতুন সরকারের এটাই হতে চলেছে প্রথম বড়সড় জনসংযোগ কর্মসূচি, যা ঘিরে ইতিমধ্যেই রাজ্যবাসীর মনে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা তৈরি হয়েছে।

৫৫ ধরনের ডিজিটাল পরিষেবা এক ছাতার তলায়
নবান্ন সূত্রে জানা গিয়েছে, তিন দিনের এই বিশেষ কর্মসূচিতে সাধারণ মানুষ এক ছাতার তলায় কেন্দ্র ও রাজ্য, উভয় সরকারের চলমান ৫৫টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুযোগ-সুবিধা পাবেন। বিশেষ করে যে সমস্ত মহিলারা ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম ফিলাপ করা নিয়ে বা প্রকল্পের খুঁটিনাটি তথ্য বুঝতে সমস্যায় পড়ছিলেন, তাঁদের জন্য এই শিবির অত্যন্ত লাভদায়ক হতে চলেছে। সেখানে উপস্থিত সরকারি আধিকারিকরা নিজে দাঁড়িয়ে থেকে ফর্ম ফিলাপ ও নিয়মাবলী বুঝিয়ে দেবেন।

অন্নপূর্ণা যোজনা ছাড়াও এই মেগা ক্যাম্পে যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, পিএম কিষান যোজনা এবং বার্ধক্য ভাতার মতো অত্যন্ত জনপ্রিয় ও ফ্ল্যাগশিপ প্রকল্পগুলোর জন্য নতুন করে নাম নথিভুক্ত (Registration) করা যাবে। একইসঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য জরুরি সরকারি নথিতে কোনও ধরণের ভুলভ্রান্তি থাকলে, তা অন-স্পট ঠিক করার জন্য বিশেষ কাউন্টার থাকবে এই শিবিরে। কোনও সরকারি কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে সরাসরি ক্যাম্পে এসে লিখিত অভিযোগ জানানোর সুবিধাও থাকছে।
বঞ্চিতদের হকের টাকা ফেরাতে কোমর বাঁধছে প্রশাসন
রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে দেওয়া গ্যারান্টি বা প্রতিশ্রুতি রক্ষা করতেই প্রশাসনকে একেবারে মাঠপর্যায়ে নামিয়ে আনছেন নতুন মুখ্যমন্ত্রী। তথ্যের অভাব বা প্রশাসনিক জটিলতার কারণে যাতে কোনও যোগ্য বা দরিদ্র মানুষ সরকারি অনুদান থেকে বঞ্চিত না হন, তার জন্য সমস্ত জেলাশাসক ও জেলা প্রশাসনকে কোমর বেঁধে ময়দানে নামার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ জুন থেকে ১৭ জুনের এই তিন দিনের মেগা ড্রাইভ যে ছাব্বিশের বঙ্গে নতুন সরকারের পায়ের তলার মাটি আরও শক্ত করবে, তা বলাই বাহুল্য।






