Bankura: তৃণমূলের বুথ সভাপতিকে মাওবাদী নামাঙ্কিত চিঠি! পঞ্চাশ হাজার টাকা দেওয়ার দাবি
তাঁর দাবি রবিবার রাতে তিনি যখন নিজের বাড়িতে শুয়েছিলেন সেই সময় ঘরের বন্ধ দরজার ফাঁক দিয়ে সাদা কাগজে লেখা চিঠি গলিয়ে ঘরের মধ্যে ফেলা হয়
Truth of Bengal: বাঁকুড়ার জঙ্গলমহলে এখনো মাঝেমধ্যে মেলে মাওবাদী নামাঙ্কিত পোস্টার। যদিও সেই ঘটনাগুলির সাথে মাওবাদীদের সরাসরি কোনো যোগাযোগ নেই বলে দাবি পুলিশের। এবার নজিরবিহীন ভাবে মাওবাদী নামাঙ্কিত হুমকি চিঠি পেলেন বাঁকুড়ার (Bankura) খাতড়া ব্লকের মুকুন্দপুর গ্রামের তৃণমূলের বুথ সভাপতি দ্বিজপদ মিশ্র। তাঁর দাবি রবিবার রাতে তিনি যখন নিজের বাড়িতে শুয়েছিলেন সেই সময় ঘরের বন্ধ দরজার ফাঁক দিয়ে সাদা কাগজে লেখা চিঠি গলিয়ে ঘরের মধ্যে ফেলা হয়।
সোমবার সকালে ঘুম থেকে উঠে সেই চিঠি দেখতে পান বন দফতরের প্রাক্তন কর্মী তথা তৃনমূলের স্থানীয় বুথ সভাপতি দ্বিজপদ মিশ্র। চিঠিতে ৪ আগষ্ট রাত সাড়ে এগারোটার সময় দ্বিজপদ মিশ্রকে মাওবাদী ফান্ডের জন্য স্থানীয় একটি পুকুরের ঘাটে ৫০ হাজার টাকা নামিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় দ্বিজপদর দুই নাতিকে তুলে নিয়ে যাওয়া এবং দ্বিজপদকে রাস্তায় গুলি করার হুমকি দেওয়া হয়েছে (Bankura)।
চিঠিতে চালাকি করা বা পুলিশকে জানাতে নিষেধ করা হয়েছে। চিঠির একেবারে নিচের অংশে লেখা রয়েছে ইতি মাওবাদী। চিঠিতে লেখার ধরণ দেখে বিষয়টিকে সেভাবে আমল দেননি দ্বিজপদ মিশ্র। পুলিশও বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিতে নারাজ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান স্থানীয় কেউ এই কাজ করে থাকতে পারে। এর সঙ্গে মাওবাদীদের কোনো যোগ নেই।






