বিপদে পড়লে সরাসরি প্রশাসনকে ফোন, পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন চালু অভিষেকের
শ্রমিকদের অভিযোগ বা সমস্যার কথা শুনে জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি উল্লেখ করেন।
Truth Of Bengal: ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন নম্বর চালুর কথা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার বহরমপুরে এক সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ভিনরাজ্যে কাজ করতে গিয়ে কোনও সমস্যায় পড়লে পরিযায়ী শ্রমিকরা যেন নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন। তিনি জানান, ৭৪৩০০০০০৩০ এবং ৯১৪৭৮৮৮৩৮-এই দু’টি নম্বর জেলা প্রশাসনের অধীন। শ্রমিকদের অভিযোগ বা সমস্যার কথা শুনে জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ঝাড়খণ্ডের পলামুর বিশ্রামপুর এলাকা থেকে গত বৃহস্পতিবার আলাউদ্দিন শেখের দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাঁকে বাংলাদেশি সন্দেহে খুন করা হয়েছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, ঘটনার কথা সামনে আসার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সঙ্গে ফোনে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি আরও বলেন, আলাউদ্দিনের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করবেন এবং পাশে থাকার আশ্বাস দেবেন। রাজ্য সরকার ইতিমধ্যেই পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা করেছে বলেও জানানো হয়।
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে ঝাড়খণ্ড থেকে অ্যাম্বুল্যান্সে করে আলাউদ্দিনের দেহ আনার সময় মুর্শিদাবাদের মহেশপুর মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ শুরু হয়। স্থানীয়রা রাস্তা অবরোধ করেন এবং পরে রেল অবরোধও হয়। পরিস্থিতি সকাল থেকে উত্তপ্ত থাকলেও বিকেলের দিকে ধীরে ধীরে স্বাভাবিক হয়।
এদিকে, এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর ভিনরাজ্যে নির্যাতন হচ্ছে। অন্যদিকে, বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু কি না, তা তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার না থাকা সত্ত্বেও কেন এই ঘটনার দায় বিজেপির উপর চাপানো হচ্ছে। আলাউদ্দিন শেখের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দিকেই এখন নজর প্রশাসন ও রাজনৈতিক মহলের।






