ফিল্মি স্টাইলে রুদ্ধশ্বাস অভিযান! দিল্লির রাস্তায় ক্রেন দিয়ে চোর ধরল পুলিশ
প্রাথমিক তথ্যে থাকা গাড়ির নম্বরটি ভুয়ো ছিল কিন্তু পুলিশ তৎপরতার সাথে ওই গাড়িটিকে চিহ্নিত করতে সক্ষম হয়।
Truth of Bengal: দিল্লির বিবেক বিহার এলাকায় বৃহস্পতিবার রাতে এক রোমহর্ষক অভিযানের মাধ্যমে একটি কুখ্যাত গাড়ি চোর চক্রকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশের গাড়ি চুরি দমন বিভাগ দুষ্কৃতীদের ধরার জন্য ফাঁদ পেতেছিল। পুরো ঘটনাটি সিনেমার দৃশ্যকেও হার মানায় যার সিসিটিভি ফুটেজ ইতিমধেই প্রকাশ্যে এসেছে। পুলিশ জানতে পেরেছিল যে একটি সাদা রঙের গাড়ি নিয়ে দুষ্কৃতীরা পালাচ্ছে। যদিও প্রাথমিক তথ্যে থাকা গাড়ির নম্বরটি ভুয়ো ছিল কিন্তু পুলিশ তৎপরতার সাথে ওই গাড়িটিকে চিহ্নিত করতে সক্ষম হয়।
অভিযান চলাকালীন দুষ্কৃতীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে এবং পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা মারে। তাদের গতিবিধি রুখতে বিবেক বিহার আন্ডারপাসের কাছে একটি ক্রেন আড়াআড়িভাবে দাঁড় করিয়ে রাস্তা আটকে দেয় পুলিশ। কিন্তু বেপরোয়া চোরের দলটি সেই ক্রেনটিতেও ধাক্কা মেরে পালানোর চেষ্টা চালিয়ে যায়। এই ধস্তাধস্তির সময় দুষ্কৃতীরা কর্তব্যরত হেড কনস্টেবল দেবেন্দ্র এবং কনস্টেবল মণীশকে গাড়ি দিয়ে পিষে দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশ আধিকারিকরা হাতুড়ি দিয়ে গাড়ির জানলার কাচ ভেঙে ভেতরে ঢোকেন এবং তিন দুষ্কৃতীকে কাবু করেন।
ধৃতদের পরিচয় জানা গিয়েছে। তারা হলো ৫৬ বছর বয়সী মাশরুর, ৪০ বছরের আকিল এবং ৪২ বছর বয়সী আসিফ। এরা যথাক্রমে উত্তরপ্রদেশের সুলতানপুর, মুজফফরপুর এবং মিরাটের বাসিন্দা। তদন্তে উঠে এসেছে যে দুষ্কৃতীদের ব্যবহৃত গাড়িটি গত বছরের ২ সেপ্টেম্বর দিল্লির মুখার্জি নগর এলাকা থেকে চুরি করা হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান এই দলটি এর আগে দিল্লি ও তার সংলগ্ন এলাকা থেকে অন্তত ৫০টি গাড়ি চুরির ঘটনার সঙ্গে জড়িত।






