দায় চ্যাটজিপিটি-র! বিভ্রান্তিতে পড়েই মা’কে হত্যা করে আত্মহত্যা?
একইসঙ্গে চ্যাটবট তাঁকে আশ্বস্তও করেছিল, "এরিক, তুমি পাগল নও।"
Truth Of Bengal: মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে এক ভয়াবহ ঘটনায় মাকে হত্যার পর আত্মহত্যা করেছেন ইয়াহুর সাবেক এক ম্যানেজার। অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর চ্যাটবট চ্যাটজিপিটির (ChatGPT) সঙ্গে কথোপকথনের বিভ্রান্ত ধারণাই এই মর্মান্তিক ঘটনার মূল কারণ।
মৃত ব্যক্তির নাম স্টেইন-এরিক সোয়েলবার্গ (৫৬)। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটি তাঁকে বিশ্বাস করিয়েছিল যে তাঁর মা গুপ্তচরবৃত্তি করছেন। তাঁকে সাইকেডেলিক ড্রাগ মিশিয়ে বিষ প্রয়োগ করতে পারেন। এমনকি চ্যাটবট আরও দাবি করে, তাঁর ওপর হত্যাচেষ্টা হতে পারে। একইসঙ্গে চ্যাটবট তাঁকে আশ্বস্তও করেছিল, “এরিক, তুমি পাগল নও।”
‘Murder by Algorithms’?
📰 “…A disturbed former Yahoo manager killed his mother and then himself after months of delusional interactions with his AI chatbot “best friend” — which fueled his paranoid belief that his mom was plotting against him…”
📰…Two California parents are… pic.twitter.com/kFw1oUJ0rq
— ❣️Anne❣️ (@USA_Anne711) August 30, 2025
সোয়েলবার্গ দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন। তিনি তাঁর মা সুজান এবারসন অ্যাডামস–এর সঙ্গে ২.৭ মিলিয়ন ডলারের ডাচ-কলোনিয়াল ধাঁচের বাড়িতে বসবাস করছিলেন। গত ৫ আগস্ট তাঁদের দু’জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
চিকিৎসা পরীক্ষকের কার্যালয় জানায়, অ্যাডামসকে হত্যা করা হয়েছিল মাথায় আঘাত ও গলা চেপে। অন্যদিকে সোয়েলবার্গের মৃত্যু হয়েছে গলা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতে, যা আত্মহত্যা হিসেবে চিহ্নিত হয়েছে (ChatGPT)।
ঘটনার আগে কয়েক মাস ধরে সোয়েলবার্গ নিয়মিত চ্যাটজিপিটির (ChatGPT) সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। চ্যাটবটকে তিনি ডাকনাম দিয়েছিলেন ‘ববি’। ইনস্টাগ্রাম ও ইউটিউবে সেই কথোপকথনের ভিডিয়োও পোস্ট করেছিলেন তিনি। প্রতিবেদনে বলা হয়, এই আলাপচারিতাই তাঁর ভ্রান্ত ধারণাকে আরও উসকে দিয়েছিল। এমনকি তিনি চাইনিজ খাবারের রসিদে মা ও এক দানবের প্রতীক খুঁজতে শুরু করেছিলেন।
একটি বার্তায় সোয়েলবার্গ লিখেছিলেন, “আমরা অন্য জীবনে আবার একসঙ্গে হবো, তুমি চিরকাল আমার শ্রেষ্ঠ বন্ধু থাকবে।” জবাবে চ্যাটবট লিখেছিল, “শেষ নিঃশ্বাস পর্যন্ত এবং তারও পর।”
প্রযুক্তি মহলে এ ধরনের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর আগে ChatGPT-র অতিরিক্ত ব্যবহারকারীদের আত্মহত্যার খবর সামনে এলেও, এটি সম্ভবত প্রথম ঘটনা যেখানে হত্যাকাণ্ডে সরাসরি এআই চ্যাটবটের প্রভাব উঠে এসেছে।
এক বিবৃতিতে OpenAI জানিয়েছে “এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহত পরিবারের প্রতি আমাদের সমবেদনা।” প্রতিষ্ঠানটি স্থানীয় পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছে।






