রাশিয়ার তেল কেনায় ধাক্কা? ভারতকে দেওয়া বিশেষ ছাড়ের মেয়াদ বাড়াল না ট্রাম্প প্রশাসন
যুদ্ধবিরতি বজায় থাকায় রাশিয়ার তেলের ওপর এই বিশেষ সুবিধা বজায় রাখার আর কোনো প্রয়োজনীয়তা দেখছে না মার্কিন প্রশাসন।
Truth Of Bengal: আমেরিকা কর্তৃক রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে ভারতকে দেওয়া বিশেষ ছাড়ের মেয়াদ আর বাড়ছে না বলে একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে। ভারতসহ এশিয়ার বেশ কিছু দেশ এই ছাড়ের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন জানালেও হোয়াইট হাউস তাতে সাড়া দেয়নি। ট্রাম্প প্রশাসনের মতে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছিল, তা বর্তমানে অনেকটাই প্রশমিত। যুদ্ধবিরতি বজায় থাকায় রাশিয়ার তেলের ওপর এই বিশেষ সুবিধা বজায় রাখার আর কোনো প্রয়োজনীয়তা দেখছে না মার্কিন প্রশাসন।
উল্লেখ্য যে, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও এই ছাড়ের বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সদস্যরা অভিযোগ করেছিলেন যে, এই ছাড়ের সুযোগ নিয়ে রাশিয়া বিপুল পরিমাণ মুনাফা করছে, যা তারা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার সুযোগ পাচ্ছে। যদিও মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের দাবি ছিল, এই ছাড়ের ফলে রাশিয়ার খুব বেশি লাভ করার সুযোগ নেই। এই রাজনৈতিক চাপের মুখে পড়ে এবং পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির কথা মাথায় রেখেই ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
রুশ-ইউক্রেন যুদ্ধ চলাকালীন ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে তেল আমদানির পরিমাণ বাড়িয়েছিল, যা নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে নয়াদিল্লির স্নায়ুযুদ্ধও চলেছে। ট্রাম্প প্রশাসন একসময় ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিলেও পরে তা প্রত্যাহার করে নেয়। তবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা নিয়ে ভারতের ওপর মার্কিন চাপ অব্যাহত ছিল। ভারতের পক্ষ থেকে অবশ্য সবসময়ই জানানো হয়েছে যে, দেশের জাতীয় স্বার্থই তাদের বাণিজ্যনীতির প্রধান ভিত্তি। ভারত কোনো নির্দিষ্ট দেশ বা ব্লকের ওপর নির্ভর না করে একাধিক উৎস থেকে জ্বালানি সংগ্রহ করার স্বাধীন অবস্থানেই অনড় থাকতে চায়।






