আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই কি ভারতের জয়? হরমুজ প্রণালী পার করল দুবাইগামী পণ্যবাহী জাহাজ

জাহাজের গতিপথ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেই এই খবর প্রকাশ করা হয়েছে।

Truth of Bengal: ইরানের বন্দরগুলির উপর আমেরিকার ‘সামরিক অবরোধ’ কার্যকর হওয়ার পর এই প্রথম হরমুজ প্রণালী পার করল ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীগামী একটি পণ্যবাহী জাহাজ। ‘পায়া লেবার’ নামে ওই জাহাজটি বর্তমানে দুবাইয়ের দিকে এগিয়ে চলেছে বলে জানিয়েছে। জাহাজের গতিপথ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেই এই খবর প্রকাশ করা হয়েছে।

জানা গিয়েছে, সোমবার থেকে মার্কিন বাহিনী ইরানের বন্দরগুলির উপর অবরোধ কার্যকর করেছে। এর পর হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী প্রথম জাহাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে ভারত-দুবাইগামী ওই পণ্যবাহী জাহাজটিকে। ইসলামাবাদে আমেরিকা ও ইরানের মধ্যে বৈঠক ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালী ঘিরে অবরোধের ঘোষণা করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকে সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে দাবি মার্কিন বাহিনীর। তবে আমেরিকার সেন্ট্রাল কমান্ড আগেই জানিয়েছিল, এই অবরোধ কোনও সর্বাত্মক নৌ অবরোধ নয়। মূলত ইরানের বন্দরে যাতায়াত করা জাহাজগুলিকেই লক্ষ্য করে কড়া নজরদারি চালানো হচ্ছে। মার্কিন অবস্থান অনুযায়ী, ইরানের কোনও বন্দরে কোনও জাহাজকে ঢুকতে দেওয়া হবে না এবং ইরানের বন্দর থেকে কোনও জাহাজকে বের হতেও দেওয়া হবে না। তবে অন্য দেশের বন্দরে যাতায়াতকারী জাহাজগুলিকে বাধা দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছিল সেন্ট্রাল কমান্ড।

জানা গিয়েছে,আমেরিকার অবরোধ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই চারটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে। তবে সেগুলোর মধ্যে তেল, গ্যাস বা রাসায়নিক জাতীয় কোনও পদার্থ ছিল না। ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী মোট ২৩টি জাহাজকে চিহ্নিত করা হয়েছে।তার মধ্যে অন্তত ১৬টি জাহাজের সঙ্গে কোনও না কোনও ইরানি বন্দরের যোগ রয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ। এই জলপথ ঘিরে উত্তেজনা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং পশ্চিম এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।