প্রযুক্তি

পেটিএম-এ চালু হলো বায়োমেট্রিক ফিচার, জানুন কীভাবে কাজ করবে

ওটিপির চেয়ে শক্তিশালী হল বায়োমেট্রিক ফিচার

Truth of Bengal: আর পিন নম্বর মনে রাখার হ্যাপা নেই। নিরাপদে আর্থিক লেনদেন করতে এবার ইউপিএ পেমেন্ট অ্যাপ্লিকেশন পেটিএমে চালু হয়েছে বায়োমেট্রিক ইউপিএ পেমেন্ট ফিচার। এর ফলে ফিঙ্গার প্রিন্ট বা হাতের আঙুলের ছাপ, ফেস আইডি বা মুখচ্ছবি দেখেই করা যাবে আর্থিক লেনদেন। দিতে হবে না পিন নম্বর। অনলাইনে ইউপিএ পেমেন্ট সিস্টেমকে সুরক্ষিত করতে ১ এপ্রিল থেকে টু ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওটিপির চেয়ে শক্তিশালী হল বায়োমেট্রিক ফিচার।

পেটিএমের নতুন বায়োমেট্রিক ইউপিএ পেমেন্ট ফিচার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও আইওএস প্লাটফর্মে কাজ করবে। ফিঙ্গার প্রিন্ট সেন্সর ও ফেস আইডি সাপোর্ট রয়েছে। পেটিএম কর্তৃপক্ষ জানিয়েছে, আপনার বায়োমেট্রিক তথ্য আপনার ফোনে সুরক্ষিত থাকবে। কোথাও আপলোড করা হবে না বা শেয়ার করা হবে না। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া গ্রাহকের সুরক্ষার জন্য আগেই জানিয়েছে ৫ হাজার টাকা পর্যন্ত ইউপিআই পেমেন্টেই শুধু বায়োমেট্রিক ইউপিএ পেমেন্ট ফিচার ব্যবহার করা যাবে। ৫ হাজার টাকার বেশি লেনদেনে পিন নম্বর দিতে হবে।

কীভাবে পেটিএমের নতুন বায়োমেট্রিক ইউপিএ পেমেন্ট ফিচার ব্যবহার করবেন

ফোনে পেটিএম অ্যাপ চালু করুন। প্রোফাইল ট্যাপ করে সেটিংসে গিয়ে পে উইথ ফিঙ্গার প্রিন্ট, পে উইথ ফেস আইডি বেছে নিন। ব্যাঙ্ক বেছে নিন। এরপর বায়োমেট্রিক ইউপিএ পেমেন্ট ফিচার চালু হয়ে যাবে।

এছাড়াও এটিএমে গিয়ে ডেবিট কার্ড না ব্যবহার করেও পেটিএমের সাহায্যে ‘ইউপিআই ক্যাশ উইথড্রয়াল’ যুক্ত এটিএমের মাধ্যমে ১০ হাজার টাকা পর্যন্ত এটিএমের কিউআর কোড স্ক্যান করে টাকা তোলা যাবে। পেটিএমের ইউপিআই পিন নম্বর দিতে হবে।

Related Articles