হুমায়ুন-কাণ্ডে তৃণমূলের ভিডিও ‘বিশ্বাসযোগ্য নয়’, তদন্তের দাবি সুকান্তর
তৃণমূলের প্রকাশিত ভিডিও ‘সহজে বিশ্বাস করার মতো নয়’
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: তৃণমূল কংগ্রেসের প্রকাশ করা ভিডিও ঘিরে হুমায়ুন কবিরকে নিয়ে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে পাল্টা আক্রমণ শানালেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্টই বলেন, তৃণমূলের প্রকাশিত ভিডিও ‘সহজে বিশ্বাস করার মতো নয়’, বরং তার সত্যতা খতিয়ে দেখা উচিত।
সুকান্তর কথায়, “এই ভিডিও আদৌ আসল কি না, তা তদন্ত করে দেখা হোক। এখন তো নানা ধরনের প্রযুক্তি রয়েছে, কীভাবে তৈরি হয়েছে সেটাও পরিষ্কার হওয়া দরকার।” তাঁর দাবি, হুমায়ুন কবিরের বিজেপির সঙ্গে কোনও রকম লেনদেন বা সমঝোতার প্রশ্নই ওঠে না।“ তৃণমূলের কাছেই বেশি টাকা রয়েছে, সেখানে ছেড়ে আমাদের কাছে আসবে কেন?”—কটাক্ষ করেন তিনি।
ভিডিওতে ডেপুটি সিএম পদ চাওয়ার প্রসঙ্গ উঠতেই সুকান্ত জানান,“এ ধরনের কোনও আলোচনা বা চুক্তি বিজেপির সঙ্গে কারও হয়নি। ভবিষ্যতে যদি ডেপুটি মুখ্যমন্ত্রীর পদ তৈরি হয়, তা হলে সেই পদে বিজেপির বিধায়কই বসবেন, অন্য কোনও দলের কেউ নন।” তৃণমূলের অভিযোগ, মুসলিম ভোট কাটতেই হুমায়ুন কবিরকে ব্যবহার করছে বিজেপি। এই অভিযোগ উড়িয়ে দিয়ে সুকান্তর দাবি,“এই ধরনের রাজনীতি বিজেপি করে না, বরং তৃণমূলই এ ধরনের কৌশল নেয়।”
একই সঙ্গে বামফ্রন্ট ও কংগ্রেসকেও তৃণমূলের ‘এজেন্ট’ বলে কটাক্ষ করেন তিনি। এদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, হুমায়ুন কবির ও শুভেন্দু অধিকারীর মধ্যে ‘সমঝোতা’ রয়েছে। এই প্রসঙ্গে সুকান্তর পাল্টা প্রশ্ন, “কুণাল ঘোষের কার সঙ্গে সমঝোতা রয়েছে, সেটাই আগে খুঁজে বের করা উচিত।” পাশাপাশি তিনি কটাক্ষের সুরে বলেন, “ভোটের পর কুণাল ঘোষ তৃণমূলেই থাকবেন কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।” হুমায়ুন কবিরকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরে রাজ্যের ভোটের আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।






