খেলা

জাহানারা-কাণ্ডে এবার কড়া হুঁশিয়ারি তদন্ত কমিটির, ‘প্রধানমন্ত্রী হলেও রেহাই নেই’ জানাল বিসিবি

প্রসঙ্গত, জাহানারার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Truth Of Bengal: বাংলাদেশের মহিলা ক্রিকেটার জাহানারা আলম তাঁর বিরুদ্ধে আনা যৌন হেনস্থার যে অভিযোগ এনেছেন এবার সেই ঘটনা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোটেই হাল্কাভাবে নিচ্ছে না তা স্পষ্ট করে দিলেন সে দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম। তাঁর সাফ কথা, ‘এই ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে কাউকেই ছেড়ে কথা বলা হবে না। এমনকি দেশের প্রধানমন্ত্রী হলেও না।’ অর্থ্যাৎ জাহানারা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে তা বুঝিয়ে দিলেন আমিনুল।

জাহানারা ইস্যুতে সাংবাদিক সম্মেলনে আমিনুলের কাছ থেকে এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি চিন্তা-ভাবনা করছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমাদের একটাই কথা, দোষী প্রমাণিত হলে কাউকেই ছেড়ে দেওয়া হবে না। সেক্ষেত্রে আমি হলেও না এবং প্রধামন্ত্রী হলেও না। দোষী ব্যক্তিকে শাস্তি তাঁকে পেতেই হবে। মনে রাখবেন আইন বলে একটা জিনিষ আছে। এবং তাঁর ঊর্ধেব কেউ নন।’

এরপরই আমিনুল বলেন, ‘যাঁর বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে, তাঁকেও সময় দিতে হবে। কেননা এখানে তাঁর জীবন জড়িত রয়েছে। সুতরাং তাড়াহুড়ো না করে ধীরে চলাই শ্রেয়। এবং সেই পন্থাই অবলম্বন করা হচ্ছে।

প্রসঙ্গত, জাহানারার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। এছাড়া রয়েছেন রুবাবা দৌলা ও বাংলাদেশের শীর্ষ আদালতের সিনিয়র ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ মহিলা ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত চার ক্রিকেটারকেও তদন্তে সহযোগিতা করার জন্য নিয়োগ করা হয়েছে। সুতরাং বলা যেতেই পারে জাহানারা ইস্যুতে বেশ নড়চড়েই বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা।

 

Related Articles