টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পথে লিটনরা? আইসিসি-র চরমসীমার মুখেও হার মানতে নারাজ বাংলাদেশ
লিটন দাসদের জন্য ভারতে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিয়েছে আইসিসি।
Truth Of Bengal: টি-২০ বিশ্বকাপ নিয়ে জট কাটাতে একের পর এক অনুরোধ সত্ত্বেও অবস্থান বদলাচ্ছে না বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও আইসিসি চেয়ারম্যান জয় শাহের চাপের মধ্যেও ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করা যাবে না। টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথ ভাবে শুরু হবে এই প্রতিযোগিতা। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে যেতে নারাজ বাংলাদেশ।
লিটন দাসদের জন্য ভারতে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিয়েছে আইসিসি। পাশাপাশি শেষ মুহূর্তে সূচি বদলালে যে জটিলতা তৈরি হবে, সেটাও বোঝানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তবু নিজেদের অবস্থানে অনড় রয়েছে বিসিবি ও বাংলাদেশ সরকার।এ দিন আসিফ নজরুল বলেন, আইসিসি যদি ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে বা অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা তা মানব না। চাপ দিয়ে আমাদের ভারতে খেলতে বাধ্য করা যাবে না। ডেডলাইনের প্রসঙ্গে তিনি জানান, আনুষ্ঠানিক ভাবে এমন কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও তাঁদের কাছে পৌঁছয়নি, যদিও আইসিসির তরফে চাপ যে রয়েছে, তা তিনি স্বীকার করেন।
বাংলাদেশের দাবি, নিরাপত্তার যুক্তিসঙ্গত কারণেই তারা ভেন্যু বদলের আবেদন জানিয়েছে। এই প্রসঙ্গে পাকিস্তানের উদাহরণ টেনে আসিফ বলেন, পাকিস্তান ভারতে খেলতে যাবে না বলায় আইসিসি ওদের জন্য কেন্দ্র বদল করেছে। আমরাও অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে ভেন্যু বদলানোর কথা বলেছি। অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের বাধ্য করা যাবে না।সূত্রের খবর, আইসিসি বাংলাদেশকে ২১ জানুয়ারি, অর্থাৎ বুধবারের মধ্যে সিদ্ধান্ত জানাতে সময় বেঁধে দিয়েছে। ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তবে এই বিকল্প প্রস্তাব নিয়ে আইসিসি এখনও সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়ার কথা ভাবছে আইসিসি বলেও শোনা যাচ্ছে। যদিও স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, এ বিষয়ে এখনও আইসিসির সঙ্গে তাদের কোনও আলোচনা হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ সরকার। সেই ঘটনার পরই ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলা নিয়ে আপত্তি তোলে বিসিবি। তারপর থেকেই আইসিসি কর্তারা জট খোলার চেষ্টা চালাচ্ছেন। তবে আসিফ নজরুলের বক্তব্যে স্পষ্ট, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ কোনও ভাবেই ভারতে খেলতে যেতে রাজি নয়। এখন নজর ২১ জানুয়ারির দিকে—এই সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য।






