
The Truth of Bengal: বিশ্বকাপ ফাইনালের আগে পিচ বিতর্ক কিছুতেই থামছে না। ভারত-পাকিস্তান ম্যাচের পিচেই হবে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স পিচ নিয়ে মন্তব্য করেছেন।রোহিত শর্মা বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যে পিচে খেলেছিলাম সেই পিচের থেকে এই পিচে ঘাস খানিকটা বেশি আছে।
তবে দু’টি ম্যাচেরই পিচ মন্থর।অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেন, কোনও সন্দেহ নেই যে নিজের দেশের পিচে খেলার কিছু সুবিধা রয়েছে। কিন্তু আমরাও এখানে কম ক্রিকেট খেলিনি। এই পিচে খেলতে গেলে সাহসী হতে হবে। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে শুরু হয়েছিল পিচ নিয়ে বিতর্ক। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ বদলে দেওয়ার অভিযোগ উঠেছিল ভারতের বিরুদ্ধে।
দাবি করা হয়েছিল, ফাইনালের পিচও বদলে দিয়েছে ভারত। এই অভিযোগ নিয়ে আইসিসি জানিয়েছেন, আয়োজক দেশ চাইলে প্রতিযোগিতার শেষ দিকে পরিস্থিতি অনুযায়ী পিচ বদলে ফেলতে পারে। এটা এমন কিছু অস্বাভাবিক নয়। কিন্তু তার পরেও বিতর্ক কমেনি। পিচ বিতর্কের মধ্যেই ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হবে বিশ্বকাপের ফাইনালে।






