ভারতীয় হওয়ায় মিলল না ভিসা! আইসিসি প্রতিনিধির ঢাকা সফর ঘিরে চরম কূটনৈতিক টানাপড়েন
আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ ১৭ জানুয়ারি ঢাকায় পৌঁছন।
Truth Of Bengal: টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি হওয়া জট কাটাতে উদ্যোগী আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। তবে এই প্রক্রিয়াতেই বাংলাদেশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে। সমস্যার সমাধানে আইসিসির একটি প্রতিনিধি দলের বাংলাদেশে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার কথা থাকলেও ভিসা জটিলতায় সেই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম, যার মধ্যে ‘প্রথম আলো’ রয়েছে, এই খবর প্রকাশ করেছে।
আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দলের ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু প্রতিনিধি দলের ভারতীয় সদস্য ভিসা না পাওয়ায় আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিষয়ক বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ একাই বাংলাদেশ সফরে যাচ্ছেন। শনিবার তাঁর সঙ্গে বিসিবি কর্তাদের বৈঠক হওয়ার কথা। এফগ্রেভের সঙ্গে যাওয়ার কথা ছিল আইসিসির এক সিনিয়র কর্তার, যিনি ভারতীয় নাগরিক। বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকার তাঁর ভিসার আবেদন মঞ্জুর করেনি বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। আইসিসির তরফে ওই কর্তার নাম প্রকাশ করা হয়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এই টানাপোড়েনের পেছনে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগই মূল কারণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের অভিযোগ, বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে আসন্ন আইপিএল থেকে বাদ দেওয়ায় সে দেশে অসন্তোষ তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে বিসিবি কর্তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল পাঠাতে অনিচ্ছুক। বিসিবির দাবি, ভারতে খেলতে গেলে লিটন দাসের দলের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। এই কারণ দেখিয়ে তারা ভারতের বদলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে।
অন্যদিকে, আইসিসি জানিয়েছে যে বিশ্বকাপের সূচি ও আয়োজন সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, ফলে এই মুহূর্তে সূচি পরিবর্তন করা সম্ভব নয়। দুই পক্ষের মধ্যে একাধিকবার চিঠি বিনিময় এবং ভার্চুয়াল বৈঠক হলেও অচলাবস্থার সমাধান হয়নি। আইসিসির অনুরোধ সত্ত্বেও বিসিবি তাদের অবস্থানে অনড় রয়েছে।
এই পরিস্থিতিতে মুখোমুখি আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার সিদ্ধান্ত নেয় আইসিসি। তবে প্রতিনিধি দলের এক সদস্য ভিসা না পাওয়ায় সেই উদ্যোগেও বাধা সৃষ্টি হয়েছে। ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। সংস্থাটি ভারত-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনে জড়াতে চায় না বলেই মনে করা হচ্ছে। তবু প্রতিনিধি দলের এক সদস্য সফরে যেতে না পারায় আইসিসির মধ্যে অসন্তোষ রয়েছে।
আইসিসি নেতৃত্ব এখন অ্যান্ড্রু এফগ্রেভের রিপোর্টের দিকেই তাকিয়ে। নির্ধারিত সূচি অনুযায়ীই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় আইসিসি। শেষ মুহূর্তে সূচি বদলের ক্ষেত্রে যে জটিলতা তৈরি হতে পারে, তা বিসিবি কর্তাদের বোঝানোর চেষ্টা করবেন এফগ্রেভ। বিসিবি যদি তাদের অবস্থানে অনড় থাকে, তাহলে আইসিসি পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানা গেছে।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে।






