ভ্যালেন্সিয়াকে হারাল রিয়াল মাদ্রিদ
তবু সংগঠিত রক্ষণ আর সুযোগ কাজে লাগানোর দক্ষতায় ম্যাচ নিজেদের দিকে টেনে নেয় রিয়াল মাদ্রিদ।
Truth Of Bengal: যত সময় যাচ্ছে ততই জমে উঠছে লা লিগার লড়াই। ভ্যালেন্সিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার ঘাড়ে প্রায় নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। তাদের ম্যাজিক পয়েন্ট হিসাবে কাজে লাগল ধৈর্য, নিয়ন্ত্রণ আর শেষ মুহূর্তের আঘাত। ২–০য় জয়ের ফলে লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ব্যবধান কমে দাঁড়াল এক পয়েন্ট। অন্যদিকে দিনের অন্য ম্যাচে ধাক্কা খেল আতলেতিকো মাদ্রিদ – ঘরের মাঠে রিয়াল বেটিসের কাছে হারের জেরে খেতাবি দৌড়ে সিমিওনের ছেলেরা আরও পিছিয়ে পড়ল।
সাসপেনশনের কারণে ভিনিসিয়াস জুনিয়র মাঠে নামেননি, চোটের কারণে জুড বেলিংহ্যামও বাইরে— তাই এদিন রিয়ালের আক্রমণে ঝাঁঝে কিছুটা কমতি নজরে পড়ছিল। তবু সংগঠিত রক্ষণ আর সুযোগ কাজে লাগানোর দক্ষতায় ম্যাচ নিজেদের দিকে টেনে নেয় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে আরদা গুলের ও কিলিয়ান এমবাপে সুযোগ পেলেও গোলের দেখা মেলেনি। অ্যাকাডেমি থেকে উঠে আসা ডেভিড হিমেনেসের একক প্রচেষ্টাও ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলকিপার স্তোল দিমিত্রিয়েভস্কি।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি আচমকাই প্রথম গোলটি এনে দেন আলভারো কারেরাস। বাঁ-দিক থেকে ঢুকে দুর্বল পায়ে নেওয়া শটেই ভেঙে পড়ে ভ্যালেন্সিয়ার রক্ষণ। সমতায় ফিরতে পারত ভ্যালেন্সিয়া, কিন্তু লুকাস বেলত্রানের শট পোস্ট ছুঁয়ে বেরিয়ে যায়। সংযুক্ত সময়ে ব্রাহিম দিয়াজের সেট-আপে খুব কাছ থেকে ফিনিশের সুবাদে লা লিগায় নিজের ২৩তম গোল আর দলের জয় নিশ্চিত করেন এমবাপে।
ম্যাচের পরে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘ধৈর্য ধরে খেলতে হয়েছে। আজ আমরা সংগঠিত ছিলাম—সেই কারণেই জিতেছি।’ তাঁর চোখে এমবাপে এই মুহূর্তে বিশ্বের সেরা।
পাশাপাশি, লা লিগার অন্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ঘরের মাঠে রিয়াল বেটিসের কাছে ১–০ ব্যবধানে পরাস্ত হল। কোপা দেল রে-তে মাঝ সপ্তাহে ৫–০ জয়ের পর এদিন ছবিটা উল্টে যায়। প্রথমার্ধে অ্যান্টনি ম্যাচের একমাত্র গোলটি করেন। শেষদিকে আত্মঘাতী গোলে সমতা ফিরলেও অফসাইডে বাতিল হয়। যে কারণে আতলেতিকো বার্সেলোনার থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে পড়ল।
দিনের অন্য খেলায় অ্যাথলেটিক বিলবাও ৪–২-তে হারায় লেভান্তেকে, সেভিয়া ও জিরোনা ১–১-এ ড্র করে, আর গেটাফে ২–০ ব্যবধানে জেতে আলাভেসের বিরুদ্ধে।






