অরুণাচল প্রদেশে খাদে ট্রাক পড়ে মৃত্যু ১৭ শ্রমিকের, চলছে উদ্ধার কাজ
এই দুর্ঘটনার খবর প্রকাশ পায় বৃহস্পতিবার দুপুরে, যখন অঞ্জ-র ডেপুটি কমিশনার জানিয়েছেন, ১৭ জনের দেহ উদ্ধার হয়েছে।
Truth Of Bengal: অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্ত সংলগ্ন সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যেখানে একটি ট্রাক খাদে পড়ে অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাকে ২১ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার ফলে বাকি যাত্রীদের বাঁচার সম্ভাবনা খুবই কম।
এই দুর্ঘটনার খবর প্রকাশ পায় বৃহস্পতিবার দুপুরে, যখন অঞ্জ-র ডেপুটি কমিশনার জানিয়েছেন, ১৭ জনের দেহ উদ্ধার হয়েছে। খাদটি এত গভীর যে, বাকি তিন জনের বেঁচে থাকার সম্ভাবনাও প্রায় শূন্য।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটেছিল গত সোমবার। তবে মারাত্মকভাবে জখম এক ট্রাকযাত্রী কষ্টসাধ্যভাবে সদর শহরে এসে পুলিশ ও প্রশাসনকে দুর্ঘটনার খবর দেন। তার মুখেই এই ভয়ঙ্কর দুর্ঘটনার তথ্য জানা যায়।
দুর্ঘটনা ঘটে ছাগলাগাঁও সীমান্ত সড়কের এলাকায়, যা আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ৪৫ কিমি দূরে এবং ১০,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। প্রশাসন সূত্রে জানা গেছে, অসমের তিনসুকিয়া থেকে দিনমজুরদের নিয়ে ট্রাকটি চলছিল। খবর পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে এবং এ পর্যন্ত ১৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ একটি মামলা রুজু করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।






