Asia Cup: সেই পিচ পাবে না, এশিয়া কাপ শুরুর আগে ভারতকে সতর্ক পিচ প্রস্তুতকারকের
তিনি জানিয়েছেন যে গত দুই বছরে বহু পরিবর্তন এসেছে দুবাইয়ের পিচে।
Truth Of Bengal: ‘লিমিটেড ওভার’ ফরম্যাটে যেই ফর্মে রয়েছে ভারতীয় ক্রিকেট দল, তাতে অনেকেই মনে করছেন যে এবারের এশিয়া কাপও যাবে তাদের দখলেই। বিশেষ করে ২০ ওভারের ক্রিকেটে দলের তরুণ ক্রিকেটারদের পারফরমেন্স একেবারে দেখার মতো। বলা ভালো, রীতিমতো আতঙ্কের কারণ হয়ে উঠেছে বিপক্ষ দলগুলির কাছে। এমন পরিস্থিতিতে পিচ প্রস্তুতকারক টনি হেমিং দাবি করেছেন যে দুবাইতে যেই পিচে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, এবার সেই পিচ পাবেন না গৌতম গম্ভীরের ছেলেরা।
আরও পড়ুনঃ Bengal Weather: জলীয় বাষ্পের বাড়বাড়ন্ত, পুজোর আগে বাড়বে অস্বস্তি
এক সাক্ষাৎকারে টনি পিচ সংক্রান্ত বিষয়টি পরিষ্কার করে দেন। তিনি জানিয়েছেন যে গত দুই বছরে বহু পরিবর্তন এসেছে দুবাইয়ের পিচে। শুধু তাই নয়, তার সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে পিচ অন্যরকম হয়ে যায় গরমকালে। টনি বলেন, “অনেক ঘাস রয়েছে পিচে। সেগুলি কাটা হয়নি এখনও। বেশি ঘাস এই কারণেই রাখা হয়েছে যাতে বাউন্স ও বলের গতি ভালো হয়।”
এর পেছনে যুক্তিটিও তুলে ধরেন টনি। পিচ প্রস্তুতকারক বলেন, “দুবাইয়ে এখন বেশ গরম। যদি বেশি ঘাস কেটে ফেলা হয়, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে পিচের। সেই কারণে ঘাস থাকবে। ইন্ডিয়া যেই পিচে খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সময়, এখন আর সেটা পাবে না ওরা। এই কথা মাথায় রেখেই ওদের পরিকল্পনা করতে হবে।”
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, এবারের এশিয়া কাপে ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ তারিখে। পাকিস্তানের বিরুদ্ধে তারা খেলবে আগামী রবিবার ১৪ সেপ্টেম্বর। দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। যেই দল নিয়ে বেছে নেওয়া হয়েছে, তাতে অনেকেই মনে করছেন যে এবারও ভারতই টুর্নামেন্ট জিতবে।






