খেলা

সেমিফাইনালেও ছন্দে থাকা ভারতই ফেভারিট: মদনলাল

সব দিক থেকেই যেন প্রতিপক্ষ দলের থেকে এগিয়ে গম্ভীর ব্রিগেড।

Truth Of Bengal: আগামীকাল চলতি বছরের এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারত ফের একবার মুখোমুখি হবে পাকিস্তানের। অবশ্যই আরও একটা হাইভোল্টেজ ম্যাচ। যে ম্যাচ ঘিরে টান টান উত্তেজনা থাকে সব সময়। এটাই স্বাভাবিক। কিন্তু এই এশিয়া কাপে ভারত শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে। সব দিক থেকেই যেন প্রতিপক্ষ দলের থেকে এগিয়ে গম্ভীর ব্রিগেড।

এর প্রধান কারণ হচ্ছে দলটাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন নির্বাচকরা যাতে কোনও বিভাগেই ফাঁক-ফোকর ধরা পড়ছে না। কি ব্যাটিং লাইন আপ কি বোলিং। টিম ইন্ডিয়ার এত সুন্দর কম্বিনেশন আমাকেও মুগ্ধ করেছে। পাশাপাশি গৌতম যে স্ট্যাটেজিতে দল সাজাচ্ছেন তারও প্রশংসা করতে হবে। ব্যাটিং লাইন আপে ছয়-সাত নম্বর অবধি সবাই ব্যাট করতে পারেন। তারপর বোলাররাও কমবেশি রান করতে সক্ষম। সুতরাং এই দলটা আগামী দিনে আরও পরিণত হয়ে উঠবে।

সূর্য-শুভমনরা প্রথম ম্যাচে ফকরজামান-শাহিন শা আফ্রিদিদের নাস্তানাবুদ করেছে। একটা সময় ছিল এই ম্যাচ নিয়ে আগাম ভবিষ্যৎবাণী করাটাই ছিল বোকামি। কিন্তু এবারের এশিয়া কাপে ভারতের টিম স্পিরিট এবং পারফরম্যান্স দেখে আমার বলতে এতটুকু দ্বিধা নেই, সূর্য-হার্দিকরাই রবিবারের ম্যাচে ফেভারটি। কেননা পাকিস্তান দলটার মধ্যে সেই কম্বিনেশনই নেই। পাশাপাশি এমন হাইভোল্টেজ ম্যাচ খেলা ক্রিকেটারের সংখ্যাও খুব কম। যার ফল হাতেনাতে ভুগতে হচ্ছে পাকিস্তান দলকে।

ওমান ম্যাচে ভারত দলে বেশ কিছু পরিবর্তন করেছিল। অভিজ্ঞ বুমরা এবং বরুণকে দলের বাইরে রেখে হর্ষিত ও অর্শদীপকে খেলানো হয়েছিল। তবে আশাকরি গম্ভীর আগামিকালের ম্যাচে তাঁর সেরা একাদশকেই নামবেন। কেননা বুমরা দলে থাকা মানেই প্রতিপক্ষ দল চাপে থাকবে। সেই সুযোগটাই কাজে লাগাতে হবে টিম ইন্ডিয়াকে। এবং এই ম্যাচের আগে আমার একটাই পরামর্শ শুভমনদের উদ্দেশে, ‘তোমরা তোমাদের নিজের খেলাটা খেলে যাও। অন্য কিছু ভাবতে হবে না। আশাকরি এবারও সাফল্য পাওয়া যাবে।’

Related Articles