খেলা

এশিয়া কাপ: ভারত-পাকিস্তান ম্যাচে বন্ধ হবে হ্যান্ডশেক?

সূত্রের খবর, আইসিসি-র সিইও সংযোগ গুপ্তের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি।

Truth Of Bengal: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে হ্যান্ডশেক বিতর্কের রেশ কাটছে না। গ্রুপ পর্বের ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেননি। এবার সুপার ফোরের ম্যাচেও দেখা যাবে না হ্যান্ডশেক। এমনই নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সূত্রের খবর, আইসিসি-র সিইও সংযোগ গুপ্তের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি। পরে পাক অধিনায়ক সলমন আলি আঘা ও কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠকে জানানো হয়, রবিবারের ম্যাচে পাকিস্তানি ক্রিকেটাররা যেন ভারতের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করেন।

আইসিসি-র নির্দেশ মেনে নিয়েছে পাকিস্তান। আইসিসি স্পষ্ট করেছে, ম্যাচ রেফারি ঠিক করার দায়িত্ব তাদেরই, কোনও দেশের চাপের কাছে তারা নতিস্বীকার করবে না। এ প্রসঙ্গে জানা গিয়েছে, ভারত-পাকিস্তান গ্রুপ ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে সরানোর প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। তবে তদন্তের পর আইসিসি জানায়, পাইক্রফ্ট কোনও ভুল করেননি। পিসিবির প্রস্তাব অনুযায়ী তাঁর জায়গায় রিচি রিচার্ডসনকে আনার আবেদনও খারিজ হয়ে যায়।

যদিও ম্যাচের রেফারির ভুমিকায় পাইক্রফ্ট পরবর্তীতে পাকিস্তান বোর্ডের শীর্ষ কর্তাদের কাছে ক্ষমা চান। সে বিষয়ে পিসিবি চেয়ারম্যান নকভি বলেন, ক্রিকেট আর রাজনীতি একসঙ্গে চলতে পারে না। আমাদের আপত্তি ছিল পাইক্রফ্টের আচরণ নিয়ে। তবে তিনি ক্ষমা চাওয়ায় বিষয়টির নিষ্পত্তি হয়েছে।তবে সবকিছুর মাঝেই নিশ্চিত  সুপার ফোরেও ভারত-পাকিস্তান খেলোয়াড়দের মধ্যে হ্যান্ডশেক দেখা যাবে না। ফলে বিতর্কের আবহেই আবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

Related Articles