Mohun Bagan:মেসার্সের বিরুদ্ধে লিগের ম্যাচে দল নামাল না মোহনবাগান
সেই ম্যাচে দল নামাবে না বলে আগেই আইএফএ-কে জানিয়েছিলেন সবুজ-মেরুন কর্তারা।
Truth Of Bengal: আইএফএ-র প্রকাশিত সূচি অনুযায়ী বুধবার নৈহাটি স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে মেসার্সের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল মোহনবাগানের। কিন্তু সেই ম্যাচে দল নামাবে না বলে আগেই আইএফএ-কে জানিয়েছিলেন সবুজ-মেরুন কর্তারা। তবে তাঁদের সেই আবেদন মানতে চায়নি বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। ফলে বুধবারের ম্যাচে বাগানের প্রতিপক্ষ মেসার্স ক্লাব উপস্থিত থাকলেও, উপস্থিত হয়নি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। মাঠে মোহনবাগানের জন্য প্রায় ৩০ মিনিট অপেক্ষা করেন ম্যাচ কমিশনার, সহ রেফারি, সহকারী রেফারি ও প্রতিপক্ষ দলের ফুটবলাররা। তারপরই মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন তাঁরা।
এই বিষয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত আগেই জানিয়ে দিয়েছিলেন, ‘সূচি অনুযায়ী আমরা নৈহাটি স্টেডিয়ামের মাঠ তৈরি থাকবে। যদি কোনও দল মাঠে না নামে (Mohun Bagan) তাহলে লিগ কমিটির বৈঠকে ওই দলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।‘ এখন দেখার বুধবার কলকাতা লিগের ম্যাচে মাঠে দল না নামানোর জন্য আইএফএ মোহনবাগানের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে।






