দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে নীতীশের বদলে জুরেলকেই সুযোগ দেওয়া উচিত : পার্থিব
এমনকি এই সিরিজে দলের ব্যাটিং লাইন আপের ছয় নম্বর পজিশনটা নিয়ে সবচেয়ে চিন্তায় থাকবেন কোচ থেকে টিম ম্যানেজমেন্টের কর্তারা বলেই মনে করছেন পার্থিব প্যাটেল।
Truth Of Bengal: আগামী ১৪ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে এই সিরিজ যাতে কোনওভাবেই হাতছাড়া না হয় তার জন্য এখন থেকেই নিজের দলের রণকৌশল ঠিক করতে শুরু করে দিয়েছেন দলের প্রধান কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের কর্তারা। এমনকি এই সিরিজে দলের ব্যাটিং লাইন আপের ছয় নম্বর পজিশনটা নিয়ে সবচেয়ে চিন্তায় থাকবেন কোচ থেকে টিম ম্যানেজমেন্টের কর্তারা বলেই মনে করছেন পার্থিব প্যাটেল।
এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে পার্থিব বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের ১০ জন খেলোয়াড়কে বেছে নেওয়া সহজ হলেও সবচেয়ে অসুবিধা হবে ছয় নম্বর জায়গায় কাকে দলে নেওয়া হবে। কেননা এখানে লড়াই হবে মূলত নীতীশ রেড্ডি ও ধ্রুব জুড়েলের মধ্যে। কেননা দুজনেই ছন্দে রয়েছেন। তাই শেষ পর্যন্ত কাকে প্রথম একাদশে বেছে নেওয়া হবে, তা খুব একটা সহজ হবে না নির্বাচকদের পক্ষে। আগে নির্বাচকরা নীতীশের ওপর আস্থাভাজন হয়ে আস্থা রাখলেও, এখন দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করছেন ধ্রুব জুড়েলও। এমনকি দুটো সেঞ্চুরিও আছে তাঁর। কাজেই জুরেলকে ছেঁটে ফেলা খুব একটা সহজ হবে না।’
পার্থিবের আরও সংযোজন, ‘ইডেনে প্রথম টেস্টের ম্যাচে কোচ ও নির্বাচকরা মনে করেন যে নীতীশকে একান্তভাবেই খেলাতে হবে, তাহলে তাঁদের কাছে একটা প্রশ্ন, নীতীশকে যদি তৃতীয় পেসার হিসেবে ব্যবহার করা যায়, তাহলে তা ঠিক আছে। অন্যথায় জুরেলকে নিয়েও অবশ্যই ভাবতে হবে। কেননা মাথায় রাখতে হবে জুরেল শুধু ঘরোয়া টুর্নামেন্টেই নন, এর আগে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে যেখানেই ব্যাট করতে নেমেছেন সেখানেই তাঁর ব্যাট থেকে রান এসেছে। সুতরাং এখন পুরো বিষয়টি নির্ভর করছে নির্বাচকরা কোন কম্বিনেশনে দলের ব্যাটিং লাইনআপ গড়তে চাইছেন। কেননা কোচ বা টিম ম্যানেজমেন্ট যদি মনে করে যে একজন অলরাউন্ডার দলে খুব দরকার, সেক্ষেত্রে কিছু করার নেই। তাহলে ধ্রুবকে বসতেই হবে। আর যদি মনে করেন যে একজন ব্যাটার খেলাবেন, সেখানে অবশ্যই প্রথম পছন্দ হওয়া উচিত জুরেল।’
এই প্রসঙ্গে বোর্ডের কর্তা বলেন, ‘আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে জুরেলের বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই খেলার সম্ভাবনা প্রবল। কেননা ওর জন্য দুটি পজিশন রয়েছে। তার মধ্যে একটি হল তিন নম্বর পজিশন। কেননা এই পজিশনে খেলা সাই সুর্দশনের ওপর নাকি খুব একটা ভরসা রাখতে পারছেন না নির্বাচকরা। তার কারণ হল সাঁই সুর্দশনের ধারাবাহিকতার অভাব রয়েছে। অপরটি হল ৬ নম্বর। এই পজিশনে ব্যাটার নীতীশের থেকে ছন্দে থাকা জুরেল অনেক বেশি স্বাচ্ছন্দ্য। কেননা ঘরের মাঠে ম্যাচে যে ধরনের পিচ থাকবে, তাতে নীতীশের মতো বোলার দরকার হবে না। তবে সবকিছুই সিদ্ধান্ত গ্রহণ করবেন কোচ ও অধিনায়ক। তাঁরা যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত।’




