দেশ

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ফের ভূমিকম্প, মাত্রা ৫.৪

তবে ভূমিকম্পের  সময় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের উপস্থিতি যথেষ্ট থাকায়  কম্পনের আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় ও পর্যটক মহলে।

Truth Of Bengal: ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। রবিবার দুপুর ১২টা ৬ নাগাদ আন্দামান সাগরের উপকূলে অনুভূত হয় কম্পন। ‘ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’-র তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪ এবং কেন্দ্রস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯০ কিলোমিটার গভীরে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি এবং সুনামি সতর্কতাও জারি করা হয়নি। তবে ভূমিকম্পের  সময় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের উপস্থিতি যথেষ্ট থাকায়  কম্পনের আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় ও পর্যটক মহলে।

গত সপ্তাহেও এই দ্বীপপুঞ্জে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।ভূবিজ্ঞানীদের মতে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। এই অঞ্চলটিকে ‘জোন ভি’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে, যা দেশের সবচেয়ে সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলির একটি। একই শ্রেণিতে রয়েছে উত্তর-পূর্ব ভারত, জম্মু ও কাশ্মীরের কিছু অংশ, হিমাচল প্রদেশ, উত্তরাঞ্চল, গুজরাটের কচ্ছ অঞ্চল এবং উত্তর বিহারের কিছু এলাকা।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই আন্দামানের ব্যারেন দ্বীপে, যা ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত, সেখানে লাভা উদ্গীরণ দেখা গিয়েছিল। সেই সময় আগ্নেয়গিরির প্রবল বিস্ফোরণের জেরে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। যদিও তখনও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।অতএব, পরপর ভূমিকম্পের ঘটনায় ফের উদ্বেগ বেড়েছে এই সমুদ্রবেষ্টিত দ্বীপপুঞ্জে। বিজ্ঞানীরা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছেন বলে জানা গিয়েছে।

Related Articles